দুই ‘আত্মবিশ্বাসী’ দলের লড়াই

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:০৩
প্রথম ম্যাচে দলে ছিলেন না। তাতে অবশ্য ইতালির জন্য বড় কোন বিপদ আসেনি। সালভাতোরে সিরিগু আলগে রেখেছিলেন গোল পোস্ট। এক গোল হজম করতে হলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মানাউস থেকে ফিরতে পেরেছে ইতালি। এবার সেই পুরনো যোদ্ধাকে ফিরে পেতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজ কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরে আসতে পারেন জিয়ানলুইজি বুফন। কোচ সিজার প্রানদেল্লি এই ব্যাপারে বলেন, ‘আমাদের হাতে আসলে সময় খুব কম। তবে এখন ওর অবস্থা আগের থেকে বেশ খানিকটা ভাল। দ্রুতই ও সুস্থ হয়ে উঠছে। কে জানে! হয়তো আপনারা ওকে কোস্টারিকার বিপক্ষেই ম্যাচ খেলতে দেখে ফেলতে পারেন।’ কোস্টারিকার বিপক্ষে ‘ডি’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। আজকের ম্যাচ জিতে নিলেই, দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ইতালির রাস্তা অনেক সহজ হয়ে যাবে। দু’দলের মুখোমুখি লড়াইটা হয়েছিল এক দশক আগে। সেবার যুক্তরাষ্ট্রে জুয়েসেপ্পো সিগনোরির গোলে কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়েছিল ইতালি। সেটাই ছিল দু’দলের মধ্যে এক মাত্র ম্যাচ। এমনকি বিশ্বকাপের মাঠেও এযাবত্কালে একবারও মুখোমুখি হয়নি দল দুটি। শক্তিমত্তার দিক থেকে কোস্টারিকার চেয়ে বেশ খানিকটা এগিয়ে ইতালি। তার উপর দারুণ ফর্মে থাকা দলটিও আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। বর্ষীয়ান তারকা আন্দ্রে পিরলো ‘ফিল্ড মার্শা’-এর দায়িত্বপূর্ণ কাজটাও প্রথম ম্যাচে বেশ দক্ষতার সাথেই পালন করেছেন। অন্য কোন ব্যাপার তাই আজকের ম্যাচে ইতালির জন্য বাধা নয়। বাধা হয়ে উঠতে পারে কেবল ইতিহাস। গত তিনটি বিশ্বকাপের রেকর্ড বলছে, গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতেনি ইতালি। এর মধ্যে ২০০৬ সালে সর্বশেষ বিশ্বকাপের শিরোপা ঘরে তুললেও দ্বিতীয় ম্যাচ জয়টা অধরাই ছিল আজ্জুরিদের। সেদিক থেকে বিবেচনা করলে আজকের ম্যাচটা তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ নিয়েই হাজির হতে যাচ্ছে। তার উপর যুক্ত হয়েছে কোস্টারিকার সামপ্রতিক ফর্ম। এই বিশ্বকাপের শুরুটা বড় একটা চমক দিয়েই শুরু করেছে ‘ডি’-গ্রুপে সবচেয়ে সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হয়ে আসা দলটি। নিজেদের প্রথম ম্যাচেই তারা হারিয়ে দিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ও গতবারের সেমিফাইনালিস্ট উরুগুয়েকে। সেই ম্যাচে ৩-১ গোলে জয়ের পর দলটি এখন তাই বেশ আত্মবিশ্বাসী। তাই সব মিলিয়ে আজ লড়াইটা হবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দুই দলের মধ্যে। ইতালি জিতে গেলে সেটা হবে তাদের জন্য ইতিহাসের বিরুদ্ধে জয়। আর কোস্টারিকা জিতলে হবে তাদের জন্য আরেকটি চমক। দেখা যাক কি অপেক্ষা করছে সামনে!