বিচার বিভাগীয় তদন্তের দাবি বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বারের

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৬
মিরপুরে কালশীতে হামলা মিরপুরের কালশীর কুর্মিটোলা ক্যাম্পে আটকেপড়া পাকিস্তানিদের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ক্যাম্পে হামলার শিকার লোকজনের সঙ্গে শুক্রবার বিকালে সাক্ষাত্ করে সরকারের প্রতি এ দাবি জানান আইনজীবী নেতৃবৃন্দ। এছাড়া বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বার যৌথভাবে এ হামলার ঘটনার তদন্ত করার ঘোষণা দিয়েছে। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দেন। একইসঙ্গে ক্যাম্পের যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে আইনি সহায়তা দেয়ারও আশ্বাস দেন আইনজীবী নেতারা। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ।