শিল্পকলা একাডেমীতে শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় অপ্রীতিকর ঘটনা ঘটে। দেশরত্ন পরিষদের ব্যানারে ‘বিএনপি-জামায়াতের কূটনৈতিক অপতত্পরতা:বাংলাদেশের উন্নয়নে অন্তরায়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে মাইক কেড়ে নিয়ে ধানমণ্ডি থানা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা রাজিয়া মোস্তফা নিজেকে বাংলাদেশ দেশরত্ন পরিষদের সভাপতি দাবি করে বলেন, আপনারা যে সংগঠনের অনুষ্ঠানে এসেছেন সে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমি, আমার এই সংগঠন চিত্তরঞ্জন দাস নিয়ে গেছে...। আয়োজক সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসকে ‘ইডিয়ট’ বলে গালি দিয়ে চিত্কার করতে থাকেন তিনি। পরে ঢাকা মহানগর মহিলা লীগের নেত্রী ফাতেমা জামান সাথী তার উপর চড়াও হন। এক পর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাজিয়া মোস্তফাকে টানা-হেঁচড়া করে মঞ্চ থেকে নামিয়ে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেয়া হয়। এ সময় চিত্তরঞ্জন দাস বলেন, আমার সংগঠনের নাম বাংলাদেশ দেশরত্ন পরিষদ। আর ওনারটার নাম ছিলো দেশরত্ন পরিষদ বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশে মুসলিম লীগ নামক দলের যেমন এখন আর অস্তিত্ব নেই, ঠিক তেমনি ঈদের পরে আন্দোলন করলে বিএনপি নামটিও এ দেশে আর থাকবে না। আন্দোলন করতে যে শক্তি-সাহস প্রয়োজন বিএনপির তার কোনটাই নেই।
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ইকবাল সোবহান চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, বলরাম পোদ্দার, পিযূষ বন্দ্যোপাধ্যায়, মুকুল চৌধুরী, আবদুল হক সবুজ প্রমুখ।
