বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে ৬০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৬
পল্লী এলাকায় বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ক্রিস্টেইন ই কিমস চুক্তিতে স্বাক্ষর করেন। শেরে বাংলা নগরস্থ ইআরডি’র সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সাংবাদিকদের জানানো হয়, পল্লী বিদ্যুত্ সঞ্চলন ও সরবরাহ প্রকল্পে বিশ্বব্যাংকের এ ঋণ ব্যবহার করা হবে। প্রকল্পের আওতায় পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) ২৩০/১৩২ কেভি সাড়ে ৪ কিলোমিটার এবং ২৩২/৩৩ কেভির ৮৪ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ করবে। এছাড়া উন্নত সেবা ও বিদ্যুতের অপচয় কমানোর লক্ষ্যে প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২ হাজার ৭২৮ কিলোমিটার ৩৩ কেভি নতুন বিতরণ লাইন নির্মাণসহ ৮৮৭ কিলোমিটার ৩৩ কেভি সোর্স লাইন হালনাগাদ করা হবে।