‘পানির অপচয় রোধে সকলকে সচেতন হতে হবে’

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, পানিই জীবন এবং পানির কোন বিকল্প নেই। তাই বিশ্বের সকল জীবের জন্য পানি অপরিহার্য। পানি ছাড়া জীবনের অস্তিত্ব থাকতে পারে না। তিনি বলেন, পানির অপচয়রোধে সকলকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এবং বাংলাদেশ রসায়ন সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে ‘পানি এবং দূষিত পানি বিশুদ্ধকরণ’ শীর্ষক তিন দিনব্যাপী এক কর্মশালা শুক্রবার বিশ্ববিদ্যালয়ের খন্দকার মোকারম হোসেন বিজ্ঞান ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসাবে এ কর্মশালার উদ্বোধন করেন।