অজ্ঞাত পরিচয় দুই নারীর লাশ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৭
রাজধানীতে অজ্ঞাত পরিচয় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে। বৃহস্পতিবার রাতে মিরপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয় নারীর (২২) লাশ উদ্ধার করে পূর্ব মনিপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে। অপর দিকে বিমানবন্দর থানা পুলিশ শুক্রবার সকালে রানওয়ের পাশ থেকে উদ্ধার করে আরেক অজ্ঞাত পরিচয় চল্লিশোর্ধ এক নারী লাশ। মিরপুর থানা পুলিশ জানিয়েছে, ১১৬৭ পূর্ব মনিপুর বাসার নিচ তলার একটি ফ্ল্যাটে সাবলেট থাকেন ওয়াসিম নামে এক ব্যক্তি। কয়েকদিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার বিকালে এক তরুণীকে বাসায় নিয়ে আসেন তিনি। এ সময় বাসার দারোয়ানকে জানিয়েছিলেন, ঐ তরুণী তার ভাগ্নি। তবে রাত ১১টার দিকে বাসার দরজা খোলা পেয়ে লোকজন ওয়াসিমকে ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে লোকজন ভেতরে ঢুকে দেখেন, বাথরুমে ঐ তরুণীর লাশ পড়ে আছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনার পর থেকে ওয়াসিমকে আর পাওয়া যায়নি। মিরপুর থানায় মামলা হয়েছে। অপর দিকে বিমানবন্দর থানা পুলিশ সকাল ৯টার দিকে বিমানবন্দরের পেছনে রানওয়ের পাশে বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত (৪৫) নারীর লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, এই নারীর পরিচয় কেউ জানে না। তবে তার মানসিক সমস্যা ছিল। তার নির্দিষ্ট কোনো বসবাসের স্থান ছিল না, রাস্তা-ঘাটেই তার দিনকাল কাটতো।