বৈজ্ঞানিক উদ্ভাবনের বাণিজ্যিক ব্যবহারে গুরুত্ব দিতে হবে

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৭
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দু’দিনব্যাপী যন্ত্র প্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএমই-২০১৩) শুরু হয়েছে। শুক্রবার বুয়েটের কাউন্সিল ভবনে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ৩০০জন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বিশেষজ্ঞরা বলেন, বিজ্ঞানিদের আবিষ্কার-উদ্ভাবনের অধিকাংশই জনগণের কাছে পৌঁছে না। তাই বিজ্ঞানের সুফলও জনগণ পায় না। আবিষ্কারগুলোকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। বৈজ্ঞানিক উদ্ভাবনের সামাজিক ও বাণিজ্যিক ব্যবহারে গুরুত্ব দিতে হবে। এজন্য সরকার ও ব্যবসায়ী গোষ্ঠীর সাথে বিজ্ঞানিদের যোগাযোগ স্থাপন করতে হবে। বুয়েটের সাবেক ভিসি অধ্যাপক এম.এইচ খান প্রধান অতিথি থেকে সকালে সম্মেলনের উদ্বোধন করেন। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্র প্রকৌশল বিভাগের ডীন অধ্যাপক ড. মাগলুব আল নূর। স্বাগত বক্তব্য দেন আইসিএমই-২০১৩ এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম। বুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. এম. এইচ খান বলেন, আন্তর্জাতিক এই সম্মেলনে বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। এতে পারস্পরিক জ্ঞানের বিনিময়ে দেশের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপকৃত হবে। ফলে বাণিজ্য এবং শিক্ষা ক্ষেত্রে দেশের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্টদের সাথে একটা পারস্পরিক অবস্থান তৈরি হবে। উদ্বোধনী অনুষ্ঠানশেষে বুয়েটের কাউন্সিল ভবনে শুরু হয় টেকনিক্যাল সেশন। একইসাথে ক্যাম্পাসে একটি শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে দেশের অর্ধশত শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের উত্পাদিত পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়। দু’দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে মোট ২৮টি টেকনিক্যাল সেশনে ১৬৫টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে। শুক্রবার ১২টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষ হবে আজ বিকালে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইইউটির সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন।