রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে কবীর সুমনের চুমু!

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৪০
ওপার বাংলার কিংবদন্তি গীতিকবি-শিল্পী কবীর সুমন সবসময়ই বাংলাদেশের যেকোনো বিষয় নিয়ে লিখছেন নিয়মিত। এছাড়া এদেশের শিল্পীদের সাথেও তার নিয়মিত যোগাযোগ। তবে এ প্রজন্মের কাছে আদর্শ এ শিল্পী-গীতিকবি গতকাল কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে তার শ্রদ্ধার চুম্বন দিলেন নিজের ফেসবুক ও ব্লগের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে বরেণ্য এই শিল্পী কবীর সুমন বিনোদন প্রতিদিনকে জানান, ‘আমি ঈর্ষা করি, যত দিন না আমার দাফন হবে, আমার ধারণা আমার দাফনের পরও আমি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে ঈর্ষা করব। খোদার কসম আমি রবীন্দ্রনাথকেও ঈর্ষা করি না। আমি ঈর্ষা করি লালন ফকিরকে, হাসন রাজাকে, কবি জসিমউদ্দীনকে, আর এই লোকটাকে যে দুটো লাইন লিখতে পেরেছিল। আর কাউকে আমি ঈর্ষা করি না।’ তিনি তার ফেসবুকে উড়ন্ত চুমু সম্বলিত একটি ছবি পোস্ট করে এই আবেগপূর্ণ লেখাটি পোস্ট করেন। একই সাথে নিজের স্ট্যাটাসে লিখেন, ‘ভালো আছি, ভালো থেকো / আকাশের ঠিকানায় / চিঠি লিখো । প্রিয় রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ’র ২৩তম মৃত্যুবার্ষিকীতে আমার এই শ্রদ্ধার চুম্বন ওর কপালে অংকিত হোক।’