রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ডিবি পুলিশ সদস্যরা ৮৫ লাখ টাকা মূল্যের ২ কেজি ৪শ গ্রাম ওজনের স্বর্ণের বার ও রুলিসহ ভারতীয় দু’জন নাগরিককে গ্রেফতার করেছে। এ ঘটনায় শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি আব্দুল খালেক জানান, যশোরের বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত ১টার দিকে সোহাগ পরিবহনের একটি বাস রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসে পৌঁছায়। এ সময় রাজবাড়ী ডিবি পুলিশের সদস্যরা ওই বাসটিতে তল্লাশী চালায়। সে সময় ওই বাসে থাকা ভারতের দিল্লীর রঘুবির নগর গ্রামের বাসিন্দা জগিনদার সিং-এর ছেলে জিতেনদার সিং (২৫) ও পাঞ্জাবের অমৃতস্বরের সুলতান উদ্দিন রোডের বাসিন্দা জসবির সিং-এর ছেলে মোন মোহন সিং (২৩)- এর সাথে থাকা দু’টি লাগেজের মধ্য থেকে কালোটেপ দিয়ে মোড়ানো ২ কেজি ৪শ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার এবং ২টি রুলি উদ্ধার করে। একই সাথে তাদের গ্রেফতার করে।
