রোনালদোর দিকে তাকিয়ে পর্তুগাল

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৩৭
চোটের কারণে নেই ফ্যাবিও কোয়েন্ত্রাও। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না পেপে। অথচ রক্ষণ-মাঝমাঠের সেরা দুই অস্ত্রকে হারানো নিয়ে শোকাচ্ছন্ন হবার কথাও ভাবতে পারছেন না পাওলো বেন্তো! কারণ, পর্তুগাল কোচের জন্য আরো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চোট। তবে সতীর্থদের বিশ্বাস নক আউট রাউন্ডে ওঠার গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আজ মানাউসের অ্যারেনা অ্যামাজোনিয়ায় পাওয়া যাবে সেরা ফর্মের রোনালদোকেই। বিশ্বকাপের আগে বারবারই বলা হচ্ছিল পর্তুগালের অতিরিক্ত রোনালদো নির্ভরশীলতার কথা। তবে সমালোচকদের এধরনের বক্তব্যকে উড়িয়ে দিয়ে বেন্তো বারবারই বলেছিলেন, রোনালদোর মতো একজন খেলোয়াড় দলে থাকতে তার প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা চলে আসাটাই স্বাভাবিক। কোচের সেই আহ্বানে সাড়া দিয়েই কিনা পুরো ফিট না থাকলেও জার্মানির বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামেন রোনালদো। যদিও, ফিফা বর্ষসেরা তারকাটির ঐ রাতের পারফরম্যান্সে পরিষ্কার বোঝা গেছে চোটের প্রভাব। ম্যাচের পরদিন হাঁটুতে বরফ বেঁধে অনুশীলন মাঠ ছাড়ায় শঙ্কা জাগায় এই বিশ্বকাপে তার আর মাঠে নামা হবে কিনা সেটা নিয়েও। যদিও, এ বিষয়ে রোনালদো কিংবা পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে পর্তুগাল দলের ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল রোনালদোকে সুস্থ বলেই দাবি করেছে। যদিও, অনুশীলন ক্যাম্পে হাঁটুতে আইস প্যাক লাগানো অবস্থায় দেখা গেছে তাকে। সতীর্থরা দীর্ঘ সময় ধরে অনুশীলন করলেও তাকে একটু আগেভাগেই অনুশীলন থেকে চলে আসতে দেখা গেছে। তবে, পর্তুগীজ স্ট্রাইকার হেল্ডার পোস্টিগার বিশ্বাস আমেরিকার বিরুদ্ধে যে কোন মূল্যে মাঠে নামবেন রোনালদো। পাশাপাশি রোনালদোর সর্বশেষ চোট নিয়ে গণমাধ্যমগুলোর আচরণকে ‘বাড়াবাড়ি’ বলেও উল্লেখ করেন তিনি। কেবল মাত্র আইসপ্যাক লাগানোয় রোনালদোকে অসুস্থ বলে প্রচার করাটা নিতান্ত গণমাধ্যমের বক্তব্য জানিয়ে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর বিষয় নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এমন পরিস্থিতিতে তার অনুভূতিটা কেমন হবে সেটি আমি অনুভব করতে পারছি। তার শারীরিক অবস্থা প্রসঙ্গে আমি এইটুকুই বলতে পারি অনুশীলনে তিনি তার সর্বোচ্চ সময়টুকু দিয়েছেন। পর্তুগীজ ফেডারেশন যদি তার ব্যাপারে ডাক্তারি কোন তথ্য না দেয় তাহলে বলতে হবে তিনি খেলার জন্য ফিট আছেন।’ রোনালদোকে পাবার কিছুটা সম্ভাবনা থাকলেও পর্তুগাল নিশ্চিতভাবেই পাচ্ছে না পেপের সেবা। অশোভন আচরণের দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে পর্তুগালের এই রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক জার্মানির বিপক্ষে ম্যাচে তাদের হ্যাট্রিকম্যান থমাস মুলারকে ‘ঢুস’ মারার অপরাধে লাল কার্ড দেখতে হয়েছিল তাকে। থাকছেন না পেপের রিয়াল সতীর্থ ডিফেন্ডার ফ্যাবিও কোয়েন্ট্রাও। উরুর পেশী ছিঁড়ে যাওয়ায় টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছেন তিনি। আর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে একাদশের বাইরে থাকতে হচ্ছে ফরোয়ার্ড হুগো আলমেইডাকে। উরুর পেশীর সমস্যার জন্য গোলপোস্টের পরিবর্তীত হিসেবে খেলতে আসবেন রুই প্যাট্রিসিও। ইনজুরি তালিকার শেষ নয় এখানেই। আক্রমণভাগে বেন্তোর দুশ্চিন্তা বাড়িয়ে এই তালিকায় নাম লিখিয়েছেন বু্রনো আলভেজও। তবে দীর্ঘ এক মৌসুম শেষে খেলোয়াড়দের চোটাক্রান্ত হওয়াটাকে স্বাভাবিক বলেই মানছেন পোস্টিগা, ‘আমরা বড় ধরনের চোট সমস্যায় ভুগছি। আশা করছি, খুব দ্রুতই অবস্থার উন্নতি হবে। তবে এটা স্বাভাবিকই। এর কারণ হয়তো আমাদের সবাইকেই দীর্ঘ মৌসুম কাটিয়ে এখানে আসতে হয়েছে।’ এদিকে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র ঘানাকে ২-১ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। যদিও চোট ভোগাচ্ছে তাদেরও। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন তাদের স্ট্রাইকার জজি আলটিডোর। তবে টুর্নামেন্টের শেষ দিকে তাকে ফের দলে পাওয়া যাবে বলে মনে করছে দল। তবে দলটির জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে ক্লিন্ট ডেম্পসির সুস্থতা। ঘানার বিপক্ষে ম্যাচে দলকে এগিয়ে নেয়া স্ট্রাইকারের ঐ ম্যাচেই নাক ভেঙ্গে গিয়েছিল। আজ মাঠে নামলে নাকের রক্ষা কবচ হিসেবে বিশেষ মুখোশ পরে নামার কথা জানিয়েছেন তিনি। ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া মার্কিন সেন্টার ব্যাক ম্যাট বেসলারও ম্যাচের জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেছেন। ফুটবল ঐতিহ্যের দিক থেকে মার্কিনিরা পর্তুগীজদের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও জার্গেন ক্লিন্সম্যানের দলের প্রতি সমীহই প্রকাশ পেল পর্তুগীজ কোচের কণ্ঠে, ‘পর্তুগালের সেরা দলটি যুক্তরাষ্ট্রকে হারানোর ক্ষমতা রাখে। যদিও খুব ভালো একটি দল হিসেবে আমরা মার্কিন দলকে সমীহ করছি। বিগত কয়েক বছর ধরে তাদের ফুটবলের দারুণ উন্নতি ঘটেছে। তাই তাদেরকে অবশ্যই সম্মান জানাতে হবে। তবে আমাদের নিজেদের ওপর যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের খেলার মানের প্রতিও আমাদের বিশ্বাস রয়েছে। তাই জয়ের জন্য আমাদেরকে আরো দায়িত্ব নিয়ে সেরা খেলাটা খেলতে হবে। আমার বিশ্বাস আমরা তা পারবো।’—ওয়েবসাইট/বাসস