অফসাইড বিতর্কে বাদ পড়লেন ক্লাভিও

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৩৮
ম্যাচে বিতর্কিত অফসাইড কল দেয়ায় কলম্বিয়ার সহকারী রেফারি হাম্বার্তো ক্লাভিওকে বাদ দিয়েছে ফিফা। ব্রাজিলে চলমান ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিন ক্যামেরুনের বিপক্ষে মেক্সিকোর দুইটি গুরুত্বপূর্ণ গোল ক্লাভিওর অফসাইড কলের কারণে বাতিল হয়ে যায়। ফিফা জানিয়েছে, আগামীকাল পোর্তো আলেগ্রেতে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়া বনাম আলজেরিয়ার ম্যাচে দায়িত্ব পালন করবেন না ক্লাভিও। ফিফার ওয়েবসাইটে জানানো হয়, ক্লাভিওর পরিবর্তে এ ম্যাচে দায়িত্ব পালন করবেন ইকুয়েডরের ক্রিস্টিয়ান লেসকানো। মানাউসে অনুষ্ঠেয় রবিবারের যুক্তরাষ্ট্র ও পর্তুগালের ম্যাচটির জন্য ফিফা আর্জেন্টিনার নেসটর পিটানাকে বাছাই করেছে। ঘানার বিপক্ষে ২-১ গোলে জয় লাভের পর এ ম্যাচে দ্বিতীয় জয় পেলে জি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। ইতোপূর্বে এইচ গ্রুপে রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন পিটানা। রিওডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে রবিবার বেলজিয়াম ও রাশিয়ার মধ্যকার অপর ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন জার্মানির ফেলিক্সব্রিচ। ব্রিচের দায়িত্ব পালন করা প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল কোস্টারিকা।