গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফ্রিকার দেশ আলজেরিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছিল ইউরোপীয় শক্তি বেলজিয়াম। কিন্তু টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্স মোটেই মন ভরাতে পারেনি সমর্থকদের। বাছাইপর্বে যে শক্তিশালী বেলজিয়ামকে সবাই দেখেছে এই ম্যাচে, তারা যেন ছিল অনেকটাই অচেনা। প্রথম ম্যাচের হতাশা ঝেরে ফেলে আজ রাশিয়ার বিপক্ষে মারাকানায় এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী এক বেলজিয়ামকেই দেখা যাবে বলে আত্মবিশ্বাসী কোচ মার্ক উইলমর্ট। অন্যদিকে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রাশিয়াকে। তাই ফ্যাবিও কাপেলোর শিষ্যদের লক্ষ্য এবার জয়।
রাশিয়ার বিরুদ্ধে জিতে গ্রুপ সেরা হয়ে ফেবারিট দল হিসাবেই শেষ ষোলোতে জায়গা করে নিতে চায় বেলজিয়াম। গ্রুপ এইচে মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের নৈপুণ্যে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ব্রাজিল বিশ্বকাপে শুভ সূচনা করে বেলজিয়াম। ঐদিন দলকে জয় এনে দেন দুই বদলি খেলোয়াড় মারুয়েন ফেলাইনি ও ড্রাইস মার্টেনস। তবে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির কুঁচকির ইনজুরির কারণে দুশ্চিন্তায় আছে বেলজিয়াম শিবির। দলের সাথে প্রাকটিসেও যোগ দিতে পারেননি ভিনসেন্ট। তবে এই ডিফেন্ডার আশা করেন মাঠে থেকেই দলকে নেতৃত্ব দেবেন। যদিও কোম্পানিকে নিয়ে কোন ঝুঁকি নেয়া হবে না বলে জানিয়েছেন উইলমর্ট।
আলজেরিয়ার বিপক্ষে রোমেলু লুকাকু নিজেকে প্রমাণ করতে না পারলেও রাশিয়ার রক্ষণদুর্গ ভাঙ্গার মূল দায়িত্ব থাকবে চেলসির এই স্ট্রাইকারের ওপরই। দলে বড় ধরনের পরিবর্তন আনার ক্ষেত্রে শুরু থেকেই খেলানো হতে পারে আগের ম্যাচে গোল পাওয়া দুই বদলি খেলোয়াড় ফেলানি ও ড্রাইস মার্টেনসকে। কোচ মার্ক উইলমট বিশ্বকাপের সেরা পাঁচ খেলোয়াড়ের তালিকায় ইডেন হাজার্ডকে রাখলেও তিনি মনে করেন, চেলসির এই স্ট্রাইকারকে বেশকিছু জায়গায় আরো বেশি উন্নতি করতে হবে।
এদিকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপে মোট ১২ ম্যাচ খেললেও কোন ড্র’র রেকর্ড ছিলো না রাশিয়ার। হয় জিতেছে, নয়তো হেরেছে। রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার খেলায় ৬৭ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে লি কিওন হো’র গোলে এগিয়ে যায় কোরিয়া। যদিও ৭৪ মিনিটে রাশিয়াকে সমতায় ফেরান কারজাকোভ। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র করেও দারুণ খুশি রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেলো। নিজের খেলোয়াড়দের প্রশংসা করেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ইগোর আকিনফিভ একটি বাজে গোল হজম করলেও বেলজিয়ামের বিপক্ষেও এ গোলরক্ষকের ওপরই ভরসা রাখছেন ফ্যাবিও ক্যাপেলো। প্রথম ম্যাচের বদলি খেলোয়াড় ৩১ বছর বয়সী আলেকজেন্ডার কারজাকোভকেও খেলাতে চান ম্যাচের শুরু থেকেই।-ওয়েবসাইট
