বেলজিয়াম ফিফা বিশ্বকাপ শিরোপা জয় করতে পারলে নিজের মাথা ন্যাড়া করে ফেলবেন বলে জানিয়েছেন দলটির তারকা খেলোয়াড় ম্যারুয়েন ফেলাইনি। এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মার্স উইলমটসের শিষ্যরা ফেলাইনির দেয়া গোলে ২-১ ব্যবধানে হারায় আলজেরিয়াকে।
বেলজিয়ামের পক্ষে শিরোপা জয় সম্ভব মনে করা ফেলাইনি বলেন, ‘ বিশ্বকাপ শিরোপা জয় করার সক্ষমতা বেলজিয়ামের রয়েছে। আমি প্রতিজ্ঞা করছি সেটা হলে আমি মাথা ন্যাড়া করে ফেলব।’ ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমটা খারাপ গেলেও অতিরিক্ত কিছু প্রমাণের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেননি বলেও দাবি করেন এ মিডফিল্ডার। তিনি আরো বলেন, ‘এ ম্যাচটি আমার সমালোচকদের জবাব দেয়ার জন্য ছিল না। কে কি বলল আমি সেটা নিয়ে মোটেই চিন্তিত নই। আমার লক্ষ্য দল, পরিবার ও দেশের জন্য গোল করা। গত মৌসুমটা আমার খারাপ গেছে। কিন্তু এখন আমি বিশ্বকাপ খেলছি এবং আমার লক্ষ্য জাতীয় দলের ওপর।’
