খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংলাপ ও নির্বাচনের প্রয়োজন নেই। মানুষ অত্যন্ত স্বস্তি ও শান্তিতে আছে। দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। কেবল বিএনপি ও তাদের বিদেশি বন্ধুদের মুখে এবং টিভি টকশোতেই সংকট দেখা যায়।
শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, আমরা সংলাপ চালিয়ে যাচ্ছি জনগণের সাথে। আগামী ৫ বছর জনগণের সাথে এমনভাবে সংলাপ-আলোচনা চালিয়ে তাদের সমস্যা সমাধান করে যাবো যাতে আগামীতে আমাদের ভোট দিয়ে আবার নির্বাচিত করে।
সংগঠনের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, পীযূষ বন্দোপাধ্যায়, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
