গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, যারা জনগণের শক্তিকে অবমাননা করে আমরা তাদের হ্যান্ডকাফ পরাবো। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘নির্বাচন: ডেটলাইন নারায়ণগঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। নাগরিক ঐক্য আয়োজিত গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনের প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
ড. কামাল হোসেন বলেন, স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন আজ আমরা হারিয়ে ফেলেছি। জনগণ সকল ক্ষমতার মালিক এই ধারণা থেকে বেরিয়ে এসেছি। ক্ষমতাকে যারা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেন ইতিহাস তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
