একাদশ নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা -হাছান মাহমুদ

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৫৬
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী একাদশ নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ নির্বাচন হবে ২০১৯ সালে। নির্বাচন নিয়ে এই মুহূর্তে আলোচনার কোন সুযোগ নেই। শনিবার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির উদ্দেশে হাছান মাহমুদ বলেন, অযথা বিদেশিদের কাছে ধরনা না দিয়ে পরবর্তী নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিন। তিনি বলেন, কিছুদিন আগে বিএনপির নেতারা চোরাগুপ্তা হামলা চালানোর ঘোষণা দিয়েছিলেন। তার বাস্তবায়ন এখন দেখা যাচ্ছে। তাই শামীমের ওপর হামলার দায় বিএনপিকেই নিতে হবে। ভবিষ্যতেও যদি কোনো হামলা হয় তার জন্যও বিএনপিই দায়ী থাকবে। তিনি বলেন, সর্বশেষ তারা রমজানে ছয় হাজার ইফতার পার্টির আয়োজন করার কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে মূলত তারা আরো ছয় হাজার জায়গাতে চাঁদাবাজি করবে। ‘আসাফো’ তিতাস গ্যাস কমিটির সভাপতি জাহিদুল ইসলাম চানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সংগঠনের সভাপতি শেখ শাহীনুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক আজিজুল হক আর্জু খান প্রমুখ।