অপহূত স্কুলছাত্র উদ্ধার দুই কিশোর আটক

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৫৬
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মনির (১২) নামে অপহূত চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুই কিশোর অপহরণকারীকে আটক করা হয়েছে। তারা কিশোর হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা না করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যাক্টে আদালতে চালান দেয়া হয়েছে। গত শুক্রবার রাতে রামপুরার ‘মহানগর প্রজেক্ট’-এর ১ নম্বর সড়কের মসজিদের পেছনের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহূত মনিরকে উদ্ধারকারী রামপুরা থানার এসআই হাবিব জানান, শুক্রবার রাত সোয়া আটটার দিকে হাতিরঝিল এলাকায় আমরা টহলে ছিলাম। এ সময় রবিউল নামে একটি ছেলে দৌড়ে এসে আমাদের জানায়, মনির নামে তাদের এক বন্ধুকে গাড়িতে তুলে নিয়ে গেছে। এখন আরো একজনকে নিতে আসছে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে রুবেল (১৫) নামে এক ছেলেকে আটক করি। তার কাছে জানতে চাই মনিরকে কোথায় রাখা হয়েছে। সে প্রথমে স্বীকার করেনি। পরবর্তীতে সে আমাদের রামপুরা মহানগর প্রজেক্টের ১ নম্বর সড়কের মসজিদের পেছনের একটি বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে মনিরকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় পুলিশ মানিক (১৪) নামে অপর কিশোর অপহরণকারীকে আটক করে। কিন্তু অপহরণ চক্রের প্রধান হোতা সাগর (২৬) এবং অনিককে (২৭) আটক করা যায়নি। তিনি আরো জানান, অপহরণের পেছনে একটি চক্র ছিল। তারা রুবেল ও মানিককে দিয়ে কাজটি করিয়েছে। এসআই হাবিব জানান, মনির পুলিশকে জানিয়েছে অপহরণকারিরা তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। মুক্তিপণ না দিলে তাকে জবাই করে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছিল। অপহরণের বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, এই ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।