চালক ও সুপারভাইজার গ্রেফতার
রাজধানীর মুগদায় বাসের দুই কিশোরী যাত্রীকে ধর্ষণের অভিযোগে বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে মুগদা প্রধান সড়কের একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। ঐ ভবনের তৃতীয় তলায় শুক্রবার রাতভর দুই কিশোরীকে ধর্ষণ করে তারা। গ্রেফতারকৃতরা হলো- যাত্রাবাড়ী-সাভার রুটে চলাচলকারী লাব্বাইক পরিবহনের চালক আহমেদ শেখ ও সুপারভাইজার হাসনাইন। তাদের বিরুদ্ধে মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধর্ষণের শিকার দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্সা দেয়া হয়েছে। ধর্ষণের শিকার দুই কিশোরী যাত্রাবাড়িতে ফ্যান তৈরির একটি কারখানায় কয়েলের তার বাঁধাইয়ের কাজ করে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ১৪ বছর বয়সী দুই কিশোরী যাত্রাবাড়ি থেকে সাভার যাওয়ার উদ্দেশে লাব্বাইক পরিবহনের একটি বাসে ওঠে। রাত ৮টার দিকে বাসের চালক আশুলিয়া যাওয়ার পর বাসটি নষ্ট হয়ে গেছে জানিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। ঐ সময় দুই কিশোরীকে সাভার পৌঁছে দেয়ার কথা বলে বাসের হেলপার একটি সিএনজি অটোরিকশায় মুগদায় তাদের ভাড়া করা বাসায় নিয়ে যায়। পরে সুপারভাইজার ও চালক বাসায় নিয়ে তাদের ধর্ষণ করে।
মুগদা থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সকালে অসুস্থ দুই কিশোরী কৌশলে বাসা থেকে বের হয়ে আসে। পরে তারা অভিভাবকদের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানালে বাসা থেকে সুপারভাইজার ও চালককে গ্রেফতার করা হয়। ঐ বাসায় চালক, সুপারভাইজার ও হেলপার ভাড়া থাকে। এ ঘটনায় থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
