মেক্সিকো না ক্রোয়েশিয়া?

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:১৮
পয়েন্ট টেবিলে অবস্থান এবং প্রতিপক্ষ বিবেচনায় ব্রাজিলের উত্তরণ অনেকটা নিশ্চিত হওয়ায় ‘এ’ গ্রুপে দ্বিতীয় দল হিসেবে কারা নক-আউট পর্ব খেলবে আজ রাতে নজর থাকছে সে দিকেই। নক-আউট পর্বে খেলার প্রায় সমান সম্ভাবনা নিয়ে এই গ্রুপের সবচেয়ে গুরূত্বপূর্ণ ম্যাচে আজ রিসেফের অ্যারেনা পারনামবুকুতে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও ক্রোয়েশিয়া। এক জয় এবং এক ড্রসহ চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানের দল মেক্সিকো। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। ফলে উত্তরণের জন্য জয়ের বিকল্প নেই ক্রোয়েশিয়ার, অন্যদিকে মেক্সিকোর প্রয়োজন কেবল ড্র। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের কাছে ৩-১ গোলে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় মধ্য ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার। তবে খেই হারায়নি তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচেই ক্যামেরুনের বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিকো কোভাকের দলটি। অন্যদিকে দারুণ ছন্দে আছে মেক্সিকোও। প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনার পর স্বাগতিক ব্রাজিলের বিপক্ষেও অসাধারণ খেলেছে তারা। নেইমারদের সঙ্গে গোলশূন্য ড্র করতে পেরে মিগুয়েল হিরিরার শীষ্যরা দারুণ রোমাঞ্চিত। দুর্দান্ত এই লড়াই পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য খানিকটা হতাশাজনক হলেও রীতিমত প্রশংসায় ভেসেছে বিশ্বকাপে দু’বার কোয়ার্টার ফাইনাল খেলা মেক্সিকো। স্বভাবতই ক্রোয়েশিয়ার বিপক্ষে রোমাঞ্চিত মেজাজ দিয়ে আজ মাঠে নামবে হিরিরার শীষ্যরা। ড্র পেলেই যেহেতু যথেষ্ট, তাই খুব একটা চাপ থাকছে না তাদের ওপর। এটা অসম্ভব কিছু না। বিশেষ করে গোলরক্ষক গুয়েলেরমো ওচোয়া ব্রাজিলের বিপক্ষে যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে তা ধরে রাখতে পারলে শেষ ষোলতে যাওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে মেক্সিকোর। তবে মেক্সিকোকে আজ হারানোর ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ ক্রোয়েশিয়া। দলের শক্তির আধার ম্যারিও মানজুকিচ, ইভান রেকিটিক ও লুকা মড্রিক। তারা জ্বলে ওঠতে পারলে মেক্সিকোর বিপক্ষে ভালো ফলের প্রত্যাশা করতেই পারে নিকো কোভাকের দল। মিডফিল্ডার রেকিটিচের সুরে এমন প্রত্যয়ই দেখা গেছে, ‘পরের রাউন্ডে যেতে হলে আমাদের অবশ্যই জিততে হবে। এ জন্য আমরা প্রস্তুত। জানি মেক্সিকোর ম্যাচটি আমাদের জন্য অনেক কঠিন হবে। তাই আমাদের যথাযথ খেলতে হবে। আমরা জিততে চাইবো এবং এটা আমরা পারবো।’ দুদলের অতীত লড়াইয়ে সার্বিকভাবে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও বিশ্বকাপে এগিয়ে মেক্সিকো। এর আগে দল দুটি তিনবার মুখোমুখি হয়েছে। এরমধ্যে দুটিতে জয় পেয়েছে ক্রোয়েশিয়া, মেক্সিকো জয় পেয়েছে একটিতে। ২০০২ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল তারা। ওই লড়াইয়ে ক্রোটদের ১-০ গোলে হারিয়েছিল মেক্সিকানরা। আরো একটি চমকপ্রদ তথ্য হলো বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষম্যাচে তেমন ভাল করার রেকর্ড নেই মেক্সিকোর। ১৯৮৬ সালের পর থেকে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের এখন পর্যন্ত কোনো জয় পায়নি তারা।—ওয়েবসাইট