আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়ার কাছে একমাত্র গোলে পরাজিত হয়ে বিশ্বকাপের অভিষেক হওয়া বসনিয়া-হার্জেগোভিনার বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে। গত শনিবার রাতে কুইয়াবায় অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে নাইজেরিয়া পিটার ওডেমউইঙ্গিসের একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে নক আউট রাউন্ডের আশাও বাঁচিয়ে রাখলো সুপার ঈগলরা।
এই জয়ের মাধ্যমে ১৯৯৮ সালের পরে এই প্রথম জয় পেলো আফ্রিকান জায়ান্টরা। একইসাথে এফ-গ্রুপ থেকে আর্জেন্টিনার সাথে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথও সুগম হলো। দিনের প্রথম ম্যাচে ইরানকে লিয়নেল মেসির একমাত্র গোলে পরাজিত করে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছে আলেসান্দ্রো সাবেয়ার দল। আর প্রথম ম্যাচে ইরানের সাথে গোলশূন্য ড্র করায় নাইজেরিয়ার পয়েন্ট এখন চার। বৃহস্পতিবার শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে নাইজেরিয়া। যদি তারা আর্জেন্টিনাকে সেখানে হারাতে পারে, তাহলে সরাসরিই নক আউট রাউন্ডে চলে যাবে তারা।
