দুইজনের আত্মহত্যা

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:২৯
রাজধানীর দক্ষিণখানে আত্মহত্যা করেছেন মাজেদা (৬৫) নামের এক বৃদ্ধা। তিনি দক্ষিণখান থানার গাওয়াইর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী। এদিকে সালমা ইসলাম বিনু (৪২) নামে একজন মহিলা রবিবার সকালে ধানমন্ডিস্থ এলাকার একটি ১০তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই সুমন শিকদার বলেন, রবিবার দুপুরে দক্ষিণখানের গাওয়াইর এলাকার অলি উল্লার বাড়িতে মাজেদা আত্মহত্যা করেন। তিনি এই বাড়িতে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন মাজেদা। দুপুরে নিজের গলা নিজে বটি দিয়ে কেটে আত্মহত্যা করেন তিনি। অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ধানমন্ডি এলাকায় ৯/এ রোডের ৬৮ নম্বর বাসার (১০তলা ভবন) দ্বিতীয় তলায় বাবার বাড়িতে বসবাস করতেন সালমা ইসলাম বিনু। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে স্বামী ইঞ্জিনিয়ার নেসারুল ইসলামের সঙ্গে তার তালাক হয়ে যায়। তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান। তবে তারা বাবার সঙ্গে থাকে। এ নিয়ে তালাকের পর থেকেই বেশ হতাশ জীবন-যাপন করতেন বিনু। তিনি প্রায়ই বলতেন, আত্মহত্যা করবেন।