গত কয়েক ঈদের মতো এবারের ঈদেও টিভি অনুষ্ঠানেই ব্যস্ত থাকবেন চিত্রনায়িকা পপি। ‘লাক্স স্টাইল চেক’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন তিনি। হাতে একেবারেই ছবি না থাকায় টিভি অনুষ্ঠানেই চড়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন এই পড়তি তারকা। তারকাদের পছন্দের ফ্যাশন আর দেশের বিপণী বিতানগুলোর খোঁজখবর নিয়ে তৈরি হচ্ছে নতুন অনুষ্ঠান ‘লাক্স স্টাইল চেক’। ১৬ পর্বের এ অনুষ্ঠানটি প্রচার হবে দেশের ১৫টি চ্যানেলে।
তানিয়া আহমেদের পরিচালনায় ‘স্টাইল চেক’ উপস্থাপনা করছেন নুসরাত ফারিয়া এবং ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী সামিয়া। চিত্রনাট্য লিখেছেন শিবলি নোমান। গত ২২ জুন এর দৃশ্যধারণ শুরু হয়েছে কোক স্টুডিওতে।
অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী ঈশিতা, পপি, বিন্দু, মৌসুমী হামিদ, ভাবনা, সংগীতশিল্পী এসআই টুটুল, পড়শী, উপস্থাপিকা-আবৃত্তি শিল্পী শারমিন লাকীসহ ১৬ জন তারকা।
