ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে পবিত্র রমজান মাসে কাঁচা মরিচ, বেগুন, শসা ও ধনেপাতা রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। পুরো রমজান জুড়েই এই পণ্য কয়েকটি রফতানি বন্ধ থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয়সূত্র জানিয়েছে, প্রতি বছরই রমজানে একশ্রেণির ব্যবসায়ী কাঁচা মরিচ, বেগুন, শসা ও ধনেপাতার দাম কয়েকগুণ বাড়িয়ে দেয়। ফলে ভোগান্তি পোহাতে হয় স্বল্প আয়ের মানুষদের।
সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে রমজান শুরু হওয়ার আগেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, গত বছর রমজানেও এসব পণ্য রফতানি নিষিদ্ধ ছিলো। একইসাথে সে সময় ইলিশ রফতানিও নিষিদ্ধ করা হয়। পরে কাঁচা মরিচ, বেগুন, শসা ও ধনেপাতার উপর থেকে রফতানি নিষেধাজ্ঞা উঠে গেলেও ইলিশে তা বহাল রাখা হয়।
