প্রসিকিউটর তুরিনের কম্পিউটার থেকে তথ্য চুরি!

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:১৭
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কার্যালয়ে নিজের কম্পিউটার থেকে তথ্য চুরি সন্দেহে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রসিকিউটর তুরিন আফরোজ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি জিডি করেন। ডিডিতে তিনি জানান, গত ১২ জুন থেকে তিনি ছুটিতে ছিলেন। ছুটি শেষে রবিবার কার্যালয়ে ফিরে তার কম্পিউটারের তার, কি বোর্ড, মাউস ও মনিটরসহ সব কিছু এলোমেলো দেখতে পান। জিডিতে আরো বলা হয়েছে, ওই কক্ষে আরো দুইজন প্রসিকিউটর থাকলেও শুধু তার কম্পিউটার এলোমেলো ছিল। তাই তার সন্দেহ, তার কম্পিউটার থেকে কোনো নথি বা তথ্য খোয়া যেতে পারে। জিডির পর সোমবার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। জিডির তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা ইত্তেফাককে বলেন, জিডির পর সোমবার দুপুরে কম্পিউটারটি জব্দ করা হয়েছে। এখন কম্পিউটার বিশেষজ্ঞদের দিয়ে এটি দেখানো হবে। কোনো ধরনের তথ্য চুরি গেছে কিনা তারপরই জানা যাবে। উল্লেখ্য, সাম্প্রতিককালে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে এসেছে। এর মধ্যেই এই জিডি করলেন তুরিন আফরোজ।