ডিএনএ শনাক্তকরণ সংক্রান্ত বিল সংসদে উত্থাপন

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:১৭
অপরাধী শনাক্ত করা, পিতৃত্ব-মাতৃত্ব নিরূপণ বা মরদেহ শনাক্ত করার মতো কাজে ‘ডি-অক্সি-রাইবোনিউক্লিক অ্যাসিড’ বা ডিএনএ পরীক্ষা ও সংরক্ষণের জন্য আইন প্রণয়নের লক্ষ্যে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। সোমবার সংসদের সকালের অধিবেশনে ‘ডি-অক্সি-রাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) বিল-২০১৪’ শিরোনামের বিলটি উত্থাপন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য পরে বিলটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২ সেপ্টেম্বর বিলটির খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়। বিলটি পাস হলে কোনো ব্যক্তি বা সংস্থা সরকারের অনুমোদন ছাড়া ডিএনএ পরীক্ষা বা সংরক্ষণ করতে পারবে না। এ আইন লঙ্ঘন করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সঙ্গে তিন লাখ টাকা জরিমানার বিধানও প্রস্তাব করা হয়েছে। ডিএনএ নমুনা ধ্বংস, পরিবর্তন, দূষিত বা জাল করা হলে; কারও দায়িত্বে অবহেলার কারণে ডিএনএ নমুনা সংগ্রহ করা না গেলে বা নমুনা নষ্ট হলেও বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান প্রস্তাব করা হয়েছে বিলটিতে। আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রম পরীক্ষার দাবি : আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমে ধর্মের অবমাননা হয়, এমন কোনো শব্দ আছে কি-না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। গতকাল অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এই দাবি জানিয়ে তিনি বলেন, আলিয়া মাদ্রাসার একটি নিজস্ব পাঠ্যক্রম আছে। কিন্তু সেই পাঠ্যক্রমে যদি আল্লাহ ও রাসূল (সা.) সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়, তাহলে এটা ধর্ম অবমাননার শামিল, এটি মারাত্মক অপরাধ।