সিলেটের ওসমানীনগরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে আব্দুর রশিদ (৫২) নামের এক ড্রেজার মেশিন চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর এলাকায় কুশিয়ারা নদিতে মেশিন চালাতে গিয়ে অপারেটর আব্দুর রশিদ মেশিনে ভেতর পেচিয়ে মারা যান। নিহত আব্দুর রশিদের বাড়ি পটুয়াকালি জেলায় কলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ড্রেজার মেশিনের তিন শ্রমিককে আটক করা হয় এবং বালু তুলার ড্রেজারটি পুলিশ জব্দ করে।
আরও পড়ুন: বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য
ওসমানীনগর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর এলাকার বালুর ঠিকাদার ইমরান আলীর ড্রেজার মেশিন দিয়ে ওসমানীনগরের পশ্চিম পৈলনপুরের আলীপুর এলাকায় কুশিয়ারা নদী থেকে বালু তুলতে আসে ড্রেজার শ্রমিকরা। সকাল সাড়ে ৮টার দিকে ড্রেজার মেশিনের অপারেটর আব্দুর রশিদ মেশিন চালু করতে মেশিনের ভেতর তার হাত ঢুকে পরলে মেশিনে হাত পেচিয়ে সৌল্ডার থেকে আব্দুর রশিদের হাত দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি এবং ড্রেজারের তিন শ্রমিককে জিজ্ঞাসাবদের জন্য থানায় নিয়ে আসি এ সময় ড্রেজারটিও জব্দ করা হয়।
ইত্তেফাক/কেকে
