বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:২৭
গণমাধ্যমে ঘানার খেলাগুলোয় ফিক্সিংয়ের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখছে ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এ ব্যাপারে দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চালাতে সেদেশের পুলিশকে অনুরোধ জানিয়েছে। ফিফা গতকাল সোমবার নিশ্চিত করে যে, ঘানার ফুটবল এসোসিয়েশন তাদের সাথে যোগাযোগের পর তারা বিষয়টি মূল্যায়ন করে দেখছে। তবে ফিফা এও বলেছে যে, ব্যাপারটি বিশ্বকাপের কোনো ম্যাচের সঙ্গে সম্পর্কিত নয়। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এবং চ্যানেল ফোরের ‘ডিসপাচেস’ নামক যৌথ অনুসন্ধানীমূলক এক অনুষ্ঠানে দাবি করা হয়- ঘানার এক ক্লাব কর্মকর্তা ও ফিফা স্বীকৃত এক এজেন্ট ঘানার জাতীয় দলের খেলাগুলো ফিক্সিং করতে আগ্রহী ও উদ্যোগী হয়েছিলেন। এ ব্যাপারে ফিফার এক মুখপাত্র বলেন, ‘আমরা গণমাধ্যমের রিপোর্টগুলোর ব্যাপারে সচেতন রয়েছি। এ ব্যাপারে ঘানার ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের সাথে যোগাযোগ করেছে। নিয়ম অনুযায়ী ফিফার নিরাপত্তা বিভাগ ব্যাপারটি মূল্যায়ন করে দেখছে। তবে এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, বিশ্বকাপের ক্ষেত্রে এটা কোন প্রভাব ফেলেছে, এমন ইঙ্গিত নেই।’