আক্রমণাত্মক খেলতে চায় জাপান

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:২৭
জাপানকে নকআউট পর্বে উঠতে হলে আসন্ন লড়াইয়ে কলম্বিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক হতে হবে। অন্তত দলটির মূল ভরসা কেইসুকে হোন্ডা তাই মনে করেন। আজ মঙ্গলবার অ্যারেনা পানতেনাল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার দেশটির মুখোমুখি হবে ব্লু সামুরাই নামে খ্যাত জাপান। এশিয়ার ভরসা জাপান ‘সি’ গ্রুপে প্রথম দুই খেলা শেষে কেবল এক পয়েন্ট পেয়েছে। প্রথম খেলায় আইভোরি কোস্টের সাথে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল এশিয় চ্যাম্পিয়নদের। এরপর দ্বিতীয়টিতে গ্রিসের সাথে গোলশূন্য ড্র করে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখে জাপান। এখন শেষ ষোলোয় খেলা নিশ্চিত করতে হলে কলম্বিয়ার বিপক্ষে জয় ছাড়া জাপানের সামনে কোন বিকল্প নেই। কলম্বিয়া আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রেখেছে এবং দ্বিতীয় স্থানে আছে আইভোরি কোস্ট। আগের দুই খেলায় জাপানের হয়ে একমাত্র গোল করা এসি মিলান তারকা হোন্ডার কথাতেও তাই ফুটে উঠেছে আশু করণীয় বিষয়গুলো। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি সম্পর্কে হোন্ডা বলেন, ‘এখন আমরা খুব সঙ্কটজনক অবস্থায় আছি। গত দুই ম্যাচে জয় না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডের দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়লেও আমরা বিশ্বাস করি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে আমাদের।’