ইংল্যান্ডের বিদায়ে বিস্মিত ম্যারাডোনাও

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:২৮
বিশ্বকাপ থেকে এতো তাড়াতাড়ি ইংল্যান্ডের বিদায়ে বিস্মিত দিয়েগো ম্যারাডোনা। টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকে এভাবে থ্রি-লায়নদের বিদায়ের জন্য তিনি শীতকালীন বিরতির স্বল্পতা এবং সঠিকভাবে তরুণ খেলোয়াড়দের ব্যবহারের ব্যর্থতাকে দায়ী করেন। আর্জেন্টিনা টেলিভিশনে নিজের ‘ডি জুরদা’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘এমন ব্যর্থতা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে অবশ্যই একটা বার্তা পৌঁছে দিয়েছে। ইংল্যান্ড এভাবে বিদায় নিতে পারে না। ফুটবলে ইংল্যান্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং প্রথম রাউন্ডে বিদায় নেয়াটা এমন একটা বিষয় যা ইংলিশ সমর্থকদের সহজে মেনে নেয়া উচিত হবে না।’ আন্তর্জাতিক অঙ্গনে থ্রি-লায়নদের এমন ব্যর্থতার পেছনে মূল কারণ হিসেবে শীতকালে স্বল্প বিরতিকে চিহ্নিত করেছেন ম্যারাডোনা। একই সাথে তরুণ মেধাবী খেলোয়াড়দের সঠিক অভিজ্ঞতার অভাবকেও দায়ী করেন তিনি। তিনি আরো বলেন, ‘অনেক কিছুর পরিবর্তন দরকার। ইংল্যান্ড একমাত্র স্থান যেখানে বড়দিন কিংবা নববর্ষের ছুটিতেও ফুটবল খেলা হয়। সেই দলটির এমন ফল আমি বিশ্বাস করতে পারছি না। খেলোয়াড়রা অবসাদে ভুগছে। তরুণ খেলোয়াড়দের পরীক্ষা করা হয় না অথবা একটা বিশ্বকাপে পরীক্ষা করে দেখা হয়। ’