গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজানূর বলেন, সার্বিক পর্যবেক্ষণে মনে হয় আমরা বুদ্ধির দিক দিয়ে বন্ধাত্ব হয়ে আছি। কষ্ট লাগে এই জন্য যে, বাইরের কারো কাছ থেকে আমাদের বুদ্ধি পরামর্শ নিতে হচ্ছে। আমরা এখন পরাজিত মানসিকতায় আচ্ছন্ন হয়ে আছি। জয়ী হতে দাঁড়ানোর জন্য তাড়না হারিয়ে ফেলেছি।
শাহীন রেজানূর বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আমাদের অতীতে গৌরবের দিকে যাবো নাকি দাসত্বের পথে যাবো। দেশের শিক্ষা ব্যবস্থার নানা দিক তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ব্যবসা নয়, সেবা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মীর নিজামুদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক খায়রুল আনাম এবং অধ্যক্ষ ফিরোজা আহমদ বক্তব্য রাখেন।
