খান ব্রাদার্সের আইপিও অনুমোদন ঢাকা ডায়িংকে সতর্কবার্তা
গতকাল মঙ্গলবার শেয়ারবাজারের সূচক বাড়লেও লেনদেন তিনশ’ কোটি টাকার নিচেই রয়ে গেছে। বেশ কয়েকদিন ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তিনশ’ কোটি টাকার আশেপাশে থাকছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮০ কোটি ৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৯৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের।
এদিকে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২১তম কমিশন সভায় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন দেয়া হয়েছে। খান ব্রাদার্স ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি যন্ত্রপাতি কেনা, ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন সংরক্ষণ ও আইপিও খাতে ব্যয় করবে। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত পাঁচ বছরে এ কোম্পানির প্রতি শেয়ারে সার্বিক গড় আয় ৭৮ পয়সা ও প্রতিটি শেয়ারে নিট সম্পদ মূল্য ১৪ দশমিক ৬৯ টাকা।
সময়মত রাইট শেয়ারের প্রস্তাবনা দাখিলে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইংকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সিদ্ধান্ত নেয়ার ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রস্তাব দাখিল করতে পারেনি কোম্পানিটি। এদিকে কমিশন সভায় ট্রাস্ট ব্যাংকের ২০০ কোটি টাকার সাব অর্ডিনেটেড বন্ডের অনুমোদন দেয়া হয়েছে। বন্ডের মেয়াদ হবে ৬ বছর। বন্ডটি শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবে।
তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস লিমিটেডের দুই সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত হওয়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠান দুটি হচ্ছে, সালেক টেক্সটাইল লিমিটেড এবং তিতাস স্পিনিং অ্যান্ড ডেনিম কোম্পানি লিমিটেড।
