শরী’আ সম্মত ক্রেডিট কার্ড ‘খিদমাহ’ চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম গতকাল রাজধানীর একটি হোটেলে এ কার্ডের উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভুঁইয়া, রফি আহমেদ বেগ, নূরুল ইসলাম খলিফা ও ইলেক্ট্রা কার্ড সিস্টেমের প্রতিনিধি রিতেশ দৌশিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বলা হয়, সীমিত আয়ের লোকদের জন্য বিনিয়োগ সুবিধা বৃদ্ধি, জনগণের দৈনন্দিন চাহিদা পূরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এ ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। সিলভার, গোল্ড ও প্লাটিনাম-তিন শ্রেণিতে বিভক্ত এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা ভিসা চিহ্নিত সকল আউটলেটে কেনাকাটা ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন। এছাড়াও ভ্রমণ ও ই-টিকেটিং সুবিধা পাওয়া যাবে। এ কার্ডের মাধ্যমে বছরে দুই লাখ টাকা পর্যন্ত কেনাকাটা করলে বার্ষিক ফি দিতে হবে না। খিদমাহ কার্ডহোল্ডাররা তাদের পরিবারের সদস্যদের জন্য একটি সাপ্লিমেন্টারী কার্ড বিনা চার্জে ব্যবহার করতে পারবেন।
