খালেদা জিয়ার মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো :সুরঞ্জিত

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:৪৭
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, প্রচলিত আইন অনুযায়ী সাজা ঘোষণার সময় অপরাধীকে আদালতে থাকতে হয়। সেই বিবেচনায় মতিউর রহমান নিজামীর আইনজীবীর পক্ষ থেকে তার অসুস্থতার বিষয়টি তুলে ধরলে আদালত তা বিবেচনায় নিয়েছে। তবে অসুস্থার কারণে নিজামীর রায় বার বার পেছাবে না। সামনে আর সুযোগ দেয়া হবে না। মঙ্গলবার সেগুনবাগিচাস্থ খাজা নিজামুদ্দিন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার আন্দোলনের মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো। তিনি বলেন, বিএনপি যদি সংলাপ চায় তাহলে সংবিধানের ভেতর থেকেই সংলাপ করতে হবে। সংবিধানের বাইরে থেকে এ মুহূর্তে কোনো আলোচনা সম্ভব নয়। সংবিধানে যা নেই তা নিয়ে সংলাপ করার কোনো সুযোগও নেই। সেটা জাতিসংঘের মহাসচিবই বলুন, আর যে কেউই বলুন। আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দা রাজিয়া মোস্তফার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।