সাড়ে চার কোটি টাকা আত্মসাত্
মাটি ভরাটের নামে সরকারের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি দুদকের নিয়মিত বৈঠকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। ইতিমধ্যে কমিশন এক কর্মকর্তাকে অনুসন্ধান কর্মকর্তা ও একজনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া এবং দ্রুত প্রতিবেদন জমা দেয়ার জন্য চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে আদেশ পাঠিয়েছে।
দুদকসূত্রে জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস ছালাম ও নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন খালেদ-এর বিরুদ্ধে অনন্যা আবাসিক এলাকায় অতিরিক্ত মাটি ভরাটের নামে সরকারি ৪ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। কমিশন তার ভিত্তিতে বিষয়টি আমলে নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের এক কর্মকর্তাকে অনুসন্ধান কর্মকর্তা ও একজনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রতিবেদন জমা দিতে বলেছে। কমিশন ২০০৭ সালের বিধিমালা অনুসারে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দুদকসূত্র জানিয়েছে।
