রানা প্লাজা ট্র্যাজেডি
অতিসত্বর ক্ষতিপূরণ দেয়া হোক; নয়তো বৃহত্তর শ্রমিক আন্দোলনে যাবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবার ও শ্রমিক নেতারা। তারা বলেছেন, ভিক্ষা নয়; শ্রমিকরা ক্ষতিপূরণ চায়। শত কোটি টাকার তহবিল পড়ে আছে, তারপরও আর কত অপেক্ষা করতে হবে? সকল টালবাহানা, ষড়যন্ত্র, অপকৌশল বন্ধ করে মানবতা, শ্রম, শিল্প ধ্বংসকারী ও হাজারো শ্রমিকের জীবন বিপর্যয়কারী সোহেল রানাসহ সকল পর্যায়ের দোষীদের সর্বোচ্চ শাস্তি অতিসত্বর নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সকালে রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে ‘রানা প্লাজা ধসের ১৪ মাসে সকল ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ আদায় এবং সোহেল রানাসহ সকল দোষীদের শাস্তির দাবি’তে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক শ্রমিক নেতা তাসলিমা আখ্তার লিমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা দীপক রায়, নুরুল ইসলাম, নিহত শ্রমিক সৌদাতের স্ত্রী মরিয়ম, নিহত শ্রমিকের স্বজন শাহ আলম প্রমুখ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক দেওয়ান আব্দুর রশীদ নিলু।
