শ হী দু জ্জা মা ন সে লি মে র

নিয়ামত ও তার বিবিগণ

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৩৭
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিমের অনবদ্য অভিনয়ের জন্য বরাবরই আলোচনা থাকেন। আসছে ঈদের জন্য তিনি সম্প্রতি অভিনয় করলেন ছয় পর্বের বিশেষ ধারাবাহিক ‘নিয়ামত ও তার বিবিগণ’ নাটকে। চার জন জনপ্রিয় নায়িকা অভিনয় করেছেন তার স্ত্রীর ভূমিকায়। এই নাটকে তিনি দর্শকদের সামনে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন। সময়ের আলোচিত এই অভিনয়শিল্পী ও এই নাটকের গল্প নিয়ে এবারের মূল ফিচার। লিখেছেন খালেদ আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়েই শহীদুজ্জামান সেলিম যুক্ত হয়ে পড়েছিলেন নাট্য আন্দোলনের সাথে। পরবর্তীতে ১৯৮০ সালে এসে যোগ দেন ঢাকা থিয়েটারে। এর প্রায় নয় বছর পরে বিটিভির আলোচিত ধারাবাহিক ‘জোনাকি জ্বলে’র মধ্যদিয়ে ছোটপর্দায় অভিষেক ঘটে তার। তাকে একজন সফল নির্মাতা হিসেবেও চেনেন সবাই। ইতোমধ্যেই তার পরিচালিত ‘স্পর্শের বাইরে’ এবং ‘রঙছুট’-এর মতো নাটকগুলো ছোটপর্দার দর্শক ও সমালোচকদের বেশ প্রশংসা অর্জন করেছে। এ ছাড়া ‘৬৯’ এবং ‘চলছে চলবে’র মতো একাধিক মেগাসিরিয়াল তার অভিনয়ে সমৃদ্ধ। ‘বাজিকর’-এর মতো একক নাটক এবং ‘মেইড ইন বাংলাদেশ’, ‘চন্দ্র গ্রহণ’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের কাছে ভিন্ন মাত্রার জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তাকে একজন জাত অভিনেতা বলা যায়। কেননা সেটা তার অভিনয় দেখেই বোঝা যায়।যেমন ‘চোরাবালি’ চলচ্চিত্রে নিজেকে নতুনভাবে হাজির করেছিলেন তিনি। সেখানে খলনায়ক আলী ওসমানের চরিত্রে ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। আসছে ঈদে তিনি দর্শকদের সামনে হাজির হবেন নতুন একটি চরিত্রে। মঈন আহমেদের রচনা ও অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটকের নাম ‘নিয়ামত ও তার বিবিগণ’। নাটকের গল্পে সেলমিকে দেখা যাবে তিনি চারটি বিয়ে করেছেন। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ঢাকার অদূরে সাভারের জিরাবোর মমতাপল্লীতে। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি এবং তার চার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শম্পা রেজা, বিজরী বরকতউল্লাহ, লাক্সতারকা অপর্ণা ও উর্মিলা শ্রাবন্তী কর। বিশেষ এই ধারাবাহিক নাটকে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাজনুন মিজান ও মঈন আহমেদ। এই নাটকে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সত্যি বলতে কী নাটকে এখন ভালো গল্প পাওয়াই যায় না বলা চলে। ‘নিয়ামত ও তার বিবিগণ’ নাটকের গল্প সত্যিই অসাধারণ। দর্শক প্রায় কাছাকাছি রকমের গল্পের নাটক দেখে অভ্যস্ত। তাই এ নাটক দেখে দর্শকের ভালো লাগবে এটা নিশ্চিত বলতে পারি।’ শম্পা রেজা বলেন, ‘এই সময়ে এসে আমি নাটকে খুব কমই কাজ করছি। মঈনের লেখা গল্পটি বেশ ভালো লেগেছে। তাই কাজটি বেশ মনোযোগ দিয়েই করেছি।’ বিজরী বরকত উল্লাহ বলেন, ‘অনেক গরমে শুটিং করতে আমাদের কষ্ট হয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি একটি ভালো কাজ দাঁড় করানোর।’ ঈদের বিশেষ এই ধারাবাহিক নাটকে অভিনয় করতে পেরে অপর্ণা ও উর্মিলাও যেন ভীষণ আনন্দিত। কারণ এ নাটকে অভিনয় করতে পেরে অভিনয় সম্পর্কে নতুন ধারণাও লাভ করেছেন তারা দু’জন। এদিকে শহীদুজ্জামান সেলিম শেষ করেছেন মিজানুর রহমান লাবুর পরিচালনায় ‘মোহ মায়া আর ভালোবাসা’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন কুসুম শিকদার। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।