শুটিংয়ের ফাঁকে...

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৩৭
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের লেকের পাড়ে সেদিন বিকেলে শুটিং হচ্ছিল চিত্রনায়িকা ববি অভিনীত ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ ছবির। ববি জানালেন ছবি তুলতে আর কথা বলতে কষ্ট করে সেখানেই যেতে। যথারীতি আমি আর আলোকচিত্রগ্রাহক চলে গেলাম লেকের পাড়ে। লিখেছেন শাকিল আহমেদ ‘আসছেন আপনি’ আমাকে দেখামাত্রই শুরুতে এমনই অভিব্যক্তি চিত্রনায়িকা ববি’র। উত্তরার ১১ নম্বর লেকের পাড়ে শত শত উত্সুক দর্শকের উপচেপড়া ভিড় ঠেলে পরিচালক ইফতেখার চৌধুরী তার ‘অ্যাকশন জেসমিন’ ছবির শুটিং করছিলেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকেই কথা হচ্ছিল ববির সঙ্গে। ববি জানান ‘অ্যাকশন জেসমিন’ ইফতেখার চৌধুরী পরিচালিত তার অভিনীত চতুর্থ ছবি। এর আগে তিনি একই পরিচালকের ‘খোঁজ দ্য সার্চ’, ‘দেহরক্ষী’ ও ‘রাজত্ব’ ছবিতে অভিনয় করেছেন। তিনটি ছবিই মুক্তি পেয়েছে। ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে তার নায়ক সাইমন সাদিক। তারসঙ্গে তো আপনি দুটো ছবিতে অভিনয় করছেন। কেমন লাগছে? ‘আমাদের ইন্ডাস্ট্রিতে এখন তরুণ নায়ক যারা আছেন তাদের মধ্যে অভিনয়ে সবচেয়ে বেশি দক্ষ নায়ক সাইমন। এত সহজেই অভিনয়ের সাথে সাইমন মিশে যেতে পারেন আমি অবাক হয়ে যাই। জুটি হিসেবে তারসাথে দর্শক আমাকে গ্রহণ করলে আমি অনেক খুশিই হবো। সবার কাছে দোয়া চাই যেন আমাদের জুটির ছবি দর্শক ভালোভাবে গ্রহণ করে নেন।’ ‘খোঁজ দ্য সার্চ’-এর পর একই পরিচালকের ‘দেহরক্ষী’ ছবিতে জামালপুরের মেয়ে ববির গ্ল্যামারাস উপস্থিতি দর্শকের মাঝে ব্যাপক আলোচনা তৈরি করে। এরপর মুক্তি পায় রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ইফতেখার চৌধুরীর ‘রাজত্ব’। আসছে ঈদে ববি অভিনীত দুটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি দুটি হচ্ছে মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ এবং বদিউল আলম খোকনের (শাকিব খান প্রযোজিত প্রথম চলচ্চিত্র) ‘হিরো দ্য সুপারস্টার’। ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে ববির বিপরীতে আছেন বাপ্পী এবং ‘হিরো দ্য সুপারস্টার’-এ আছেন শাকিব খান। কেমন আশাবাদী ছবি দুটো নিয়ে? ববির ঝটপট উত্তর, ‘দুটো ছবি নিয়েই আমি ভীষণ আশাবাদী, কারণ একটি পরিচালকনির্ভর ছবি আর অন্যটি তারকানির্ভর ছবি। হয়তো চলচ্চিত্রে আমার অবস্থানটা আরও দৃঢ় হবে ঈদে এই দুটো ছবি মুক্তির পর। সবার দোয়া চাই।’ কে এম ইমামুল হক ও ভিখারুন্নেসা দম্পতির মেজো মেয়ে ইয়ামিন হক ববির চলচ্চিত্রে কাজ করাটা আপাতত তার মা স্বাভাবিকভাবে মেনে না নিলেও ববির আশাবাদ রয়েছে এমন যে হয়তো চলচ্চিত্রে আরও শক্ত অবস্থান হলে তার মা বিষয়টিকে আরও একটু সহজ করে নেবেন অনায়াসে। ববির বড় বোন ছবি এবং ছোট বোন তনিকারও একই আশাবাদ রয়েছে। কেমন উপভোগ করছেন চলচ্চিত্রের দিনগুলোকে? জবাবে ১৮ আগস্ট জন্ম নেওয়া ববি বলেন, ‘ভীষণ ভালোবাসি আমি আমার চলচ্চিত্র এবং এখানকার সবাইকে। যদি ভালোই না বাসতে পারতাম তাহলে এত কষ্ট করে এখানে কাজ করা সম্ভব হয়ে উঠত না। প্রতিনিয়ত কষ্ট যেমন সহ্য করছি ঠিক তেমনি প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি, নতুন করে জীবনকে উপলব্ধি করার চেষ্টা করছি ভিন্ন ভিন্ন চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে চ্যালেঞ্জিং অভিনয়ের মধ্যদিয়ে। আমি সবার দোয়া আর ভালোবাসা চাই যাতে ভবিষ্যতে চলচ্চিত্রে আরও ভালো অবস্থানে যেতে পারি। দর্শকদের ভালো ভালো চলচ্চিত্র উপহার দিতে পারি।’