ইচ্ছেঘুড়ির মেয়েটি

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৩৮
এদেশের বিজ্ঞাপন নির্মাতাদের কথা আসলে যাদের নাম সর্বাগ্রে আসে তাদের অন্যতম আহমেদ ইউসুফ সাবের। হিসেবে কষে দেখলে দেখা যাবে যে দেশে এমন কোনো প্রতিথযশা মডেল নেই যিনি আহমেদ ইউসুফ সাবেরের নির্দেশনায় কাজ করেননি। মডেলিংয়ের পথিকৃত্ নোবেল মৌ থেকে শুরু করে এই সময়ের স্পর্শিয়াও কাজ করেছেন গুণী এই বিজ্ঞাপন নির্মাতার নির্দেশনায়। বিগত প্রায় পাঁচ বছর বিজ্ঞাপন নির্মাণ থেকে দূরে থাকলেও আহমেদ ইউসুফ সাবের আবারও বিজ্ঞাপন নির্দেশনায় ফিরে এসেছেন নতুন উদ্যমে। শারীরিকভাবে মাঝে বেশ অসুস্থ থাকলেও এখন বেশ খানিকটা সুস্থ। আর তাই নিজের জগতে আবারও ফিরে এসেছেন তিনি। ফিরে এসেই তিনি এই সময়ের জনপ্রিয় মডেল স্পর্শিয়াকে নিয়ে ‘শাহজাদী মেহেদী’র একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘সাবের স্যারের নির্দেশনাতেই আমি প্রথম নাটকে অভিনয় করি ‘অরুণোদয়ের তরুণদল’ নাটকে। এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম। অনেক ভালো লেগেছে।’ এই বিজ্ঞাপনে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন চন্দন চৌধুরী এবং এর জিঙ্গেল করেছেন ফোয়াদ নাসের বাবু। মডেল হিসেবে স্পর্শিয়ার শুরুটা এয়ারটেলের বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ শুরুর মাধ্যমে। এরপর প্যারাস্যুট, প্রাণ চাটনীসহ আরও বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। বর্তমানে তার অভিনীত তিনটি ধারাবাহিক নাটক তিনটি ভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। চ্যানেল আইতে প্রচার হচ্ছে মাহফুজ আহমেদের নির্দেশনায় ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’, বিটিভিতে জর্জিশ বাশার ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘উজান গাঙ্গের নাইয়্যা’ ও এনটিভিতে সাফায়েত মনসুর রানার ‘ইচ্ছে ঘুড়ি’। এছাড়া আসছে ঈদের জন্য বেশ কয়েকটি নাটকেও অভিনয় করছেন তিনি। তবে সুখের খবর বিজ্ঞাপন ও নাটকের গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে প্রতিভাময়ী স্পর্শীয়ার। সম্প্রতি ‘আন্ডার কনস্ট্রাকশন’ শিরোনামে একটি ছবিতে অভিনয় করেন তিনি। ছবির গল্পে দেখা যাবে, মধ্য বয়স্কা একজন নারী থিয়েটার কর্মীর থিয়েটার নিয়েই ব্যস্ততা। পেশাজীবনের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হয় তাকে। কিন্তু তার ব্যক্তিগত জীবন ও পেশাজীবন দুটোর পরিবেশই প্রতিকূল থাকে। এ ধরনের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ছবিটি। স্পর্শীয়াকে ছবিতে একজন থিয়েটার কর্মী ও মডেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেছি। বেশ ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভেবে যে, ভারতের অনেক বড় শিল্পীদের সঙ্গে অভিনয় করতে পেরেছি।’