জ ল নূ পু র

তরুণ-তরুণীর সম্পর্কের গল্প

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৩৮
স্টার জলসা চ্যানেলের দর্শকপ্রিয় বাংলা টিভি সিরিয়ালগুলোর মধ্যে ‘জলনূপুর’ এখনও বেশ ভালো অবস্থানে রয়েছে। পারিবারিক দৈনন্দিন জীবনের গল্প নিয়ে আবর্তিত হলেও ‘জলনূপুর’-এ অনেক নাটকীয়তা রয়েছে যা দর্শকদের সাসপেন্সের মধ্যে ধরে রাখছে। সব বয়সী দর্শক সিরিয়ালটি দেখতে বসে যান নির্ধারিত সময়ে। একটি এপিসোড মিস করতে রাজি নন কেউ। ‘জলনূপুর’ সিরিয়ালের গল্প মূলত কাজু এবং নীলকে নিয়ে। কাজু প্রাণচঞ্চল হাসিখুশি অস্থির টাইপের মেয়ে। ধীরস্থির ভাব নেই তার মধ্যে। সে যা ভালো মনে করে তাই করে। জীবনটকে সে নিজের ইচ্ছে মতো চালাতে চায়। মজার ব্যাপার হলো, কাজুর সঙ্গে নীলের দেখা হয়ে যায় হঠাত্ করেই। নীল শান্ত ধীর স্থির ভদ্র নম্র স্বভাবের একজন মানুষ হলেও অস্থির ডানপিটে টাইপের মেয়ে কাজুকে তার ভালো লেগে যায়। নীল কাজুকে ভীষণভাবে ভালোবেসে ফেলে। বিপরীতমুখী এক জোড়া তরুণ-তরুণীর ভালোবাসা তাদেরকে নতুন জীবনের সন্ধান দেয় জীবনটাকে নতুনভাবে সাজাতে চায় নীল কাজু দু’জনেই। কিন্তু জীবনের সন্ধান দেয় জীবনটাকে নতুনভাবে সাজাতে চায় নীল-কাজু দু’জনেই। কিন্তু জীবনের চলার পথে নানা বাধা বিপত্তি এসে দাঁড়ায়, তাদেরকে মুখোমুখি হতে হয় কঠিন পরিস্থিতির। কাজু নীলকে নিয়ে ঘর বাঁধলেও তাদের দাম্পত্যজীবনে বেশ কিছু সত্য উভয়কে বিভ্রান্ত করে তোলে। পুরোনো প্রচলিত মূল্যবোধ, সংস্কার ইত্যাদির সঙ্গে আধুনিক জীবনযাপন স্টাইলের নানা বিষয়ের সংঘাত, কাজু ও নীলের গভীর প্রেমময় সম্পর্কে চিড় ধরাতে চায়। যেহেতু তারা দু’জন ভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে উঠে এসে সব ভেদাভেদ ব্যবধান মতপার্থক্য শ্রেণীগত সংকীর্ণতা ভুলে একছাদের নিচে বসবাস করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সে কারণে শত ঝড়ঝাপটা সত্ত্বেও নীল ও কাজু একসঙ্গে থাকতে চায়। কাজু তার অতীত জীবনের অভ্যাস পাল্টে শহুরে নতুন জীবনের সঙ্গে মিশে যেতে আপ্রাণ চেষ্টা করে। এ ভাবেই সে তার নিজের সব অধিকার আদায়সহ ব্যক্তিসত্ত্বা উজ্জ্বলভাবে প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে থাকে। কাজুর জীবনের বাঁকে বাঁকে সৃষ্টি হয় অদ্ভুত সব নাটকীয়তা। তার জন্ম রহস্য নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও এক সময়ে আসল সত্য উদঘাটিত হয়। তেমনি নাটকীয় গল্প নিয়ে এগিয়ে চলেছে ‘জলনূপুর’ সিরিয়ালের কাহিনী। দর্শক কাজু-নীলের দাম্পত্য প্রেমের নানা বিষয়ের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। সিরিয়ালটির একটি পর্ব দেখার পর পরবর্তী পর্বের নানা বিষয়ে চলছে জল্পনা-কল্পনা। শৈবাল ব্যানার্জি ‘জলনূপুর’ সিরিয়ালটি প্রযোজনা ও পরিচালনা করছেন। লীনা গাঙ্গুলির চিত্রনাট্য চমক রয়েছে যা সবাইকে আবিষ্ট করে রেখেছে। ‘জলনূপুর’ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র কাজুর ভূমিকায় রূপদান করেছেন লাভলী। তার সহজ সাবলীল প্রাণবন্ত অভিনয়ে কাজু চরিত্রটি দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এখন ঘরে ঘরে কাজু হিসেবে তার জনপ্রিয়তা ও পরিচিতি লক্ষ করার মতো। নীল চরিত্রে অভিনয় করছেন অনুসূয়া মজুমদার। এছাড়াও অভিনয় করেছেন বিদিপ্তা চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ। স্টার জলসা চ্যানেলে সোম থেকে শনিবার রাত ১০টায় ‘জলনূপুর’ সিরিয়ালটি দেখানো হয়।