‘আশিকী টু’র পর শ্রদ্ধা কাপুর আবার আসছেন দর্শকদের সামনে। তার নতুন ছবি ‘এক ভিলেন’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। এ ছবিতে শ্রদ্ধার অভিনয় নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে নানা কৌতূহল সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, নায়িকা মনে হলেও শ্রদ্ধা এ ছবিতে ভিলেন চরিত্রে রূপদান করছেন। সব মিলিয়ে মুক্তি প্রতীক্ষিত এ ছবিতে শ্রদ্ধা দর্শকদের জন্য নতুন অনেক চমক নিয়ে আসছেন। তার সাম্প্রতিক ছবি ‘এক ভিলেন’ এবং অন্যান্য ছবির ব্যস্ততাসহ একান্ত ব্যক্তিগত জীবনের নানা বিষয় তুলে ধরেছেন রেজাউল করিম খোকন
শারীরিক অসুস্থতা নিয়েও গত কয়েকদিনে মুক্তি প্রতীক্ষিত ‘এক ভিলেন’ ছবির প্রচারণায় অংশ নিয়েছেন নায়িকা শ্রদ্ধা কাপুর। এ ছবিতে একজন সাধারণ অথচ রহস্যময়ী তরুণী আয়েশার ভূমিকায় রূপদান করেছেন তিনি। ভিন্ন ধাঁচের গল্প নিয়ে ‘এক ভিলেন’ ছবিটি নির্মিত হয়েছে। শ্রদ্ধার সঙ্গে এ ছবিতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং রিতেশ দেশমুখ। তাদের উভয়ের চরিত্রেই নেগেটিভ ধরনের। কিন্তু কেউ কেউ বলছেন ‘এক ভিলেন’ ছবিতে শ্রদ্ধা অভিনীত চরিত্রটি নানা রহস্যে ঘেরা। তাকেই হয়তো শেষ পর্যন্ত গল্পে ভিলেনরূপে আবির্ভূত হতে দেখা যাবে। এ বিষয়ে শ্রদ্ধাও মুখ খোলেননি। তিনি রহস্যময় হাসি ছড়িয়ে কেবলই বলেছেন আগে ছবিটি মুক্তি পাক, দর্শক তখন দেখবে কে আসল ভিলেন এ ছবিতে। বলিউডের ডাকসাইটে ভিলেন তারকা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা নিজেই ভিলেনের চক্করে পড়েছেন। নিজের অভিনীত এ ছবিতে আগের চেয়ে অনেকটা সাহসী ভঙ্গিতে পর্দায় আসছেন তিনি। ‘এক ভিলেন, ছবিতে নায়ক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার দীর্ঘসময়ব্যাপী লিপলক চুম্বনদৃশ্য রয়েছে। শ্রদ্ধা এ ছবিতে আগের চেয়ে অনেক স্মার্ট সাহসী খোলামেলা সাজ পোশাকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ‘আশিকী টু’ ছবিতে ইনোসেন্ট গার্ল ইমেজে পর্দায় এসে রীতিমতো সেনসেশন সৃষ্টি করেছেন। এ ছবির বিরাট সাফল্য তার কপাল বদলে দিয়েছে। এর আগে শ্রদ্ধা কাপুর অভিনীত আরও দুটি ছবি মুক্তি পেয়েছে। তার সেই দুটি ছবির একটিও বক্স অফিসে সাফল্য পায়নি। ‘তিনি পাত্তি’ এবং ‘লাভ কা দ্য এন্ড’ ছবি দুটির ক্রমাগত ব্যর্থতার পর চরম হতাশা তাকে গ্রাস করেছিল। যদিও বস সময় শ্রদ্ধা ইয়াশ রাজ ফিল্মসের তিনটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। যখন তিনি ‘আশিকী টু’ ছবিতে অভিনয়ের অফার পান একই সময়ে ইয়াশরাজ ফিল্মস তাদের সঙ্গে চুক্তি মোতাবেক ‘আওরঙ্গজেব’ ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেন। শ্রদ্ধা ‘আওরঙ্গজেব’ ছবিতে অভিনয় না করে ‘আশিকী টু’ ছবিটিকে বেছে নেন। এবং এ ছবিটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়েছে। একটি ছবিই তাকে অনেক কিছু দিয়েছে। তিনি ‘আশিকী টু’ ছবির বিরাট ব্যবসায়িক সাফল্যের বদৌলতে একশ কোটি রুপির ক্লাবের তারকা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছেন। যা তার মধ্যে আস্থার ভিত্তি গড়ে দিয়েছে। নিজের উপরা আস্থাশীল হয়ে শ্রদ্ধা ‘এক ভিলেন’ ছবিতে কাজ করেছেন। এখানে তাকে আরও পরিপক্ব অভিনেত্রী রূপে দেখা যাবে বলে জানিয়েছেন এ ছবির পরিচালক মোহিত সুরি। যিনি এর আগে শ্রদ্ধা অভিনীত ‘আশিকী টু’ ছবিটি পরিচালনা করেছেন।
ইতোমধ্যে শ্রদ্ধা বিশাল ভারদ্ধাজের নতুন ছবি ‘হায়দার’-এ প্রধান নারী চরিত্রে শহিদ কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। উইলিয়াম শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটক অবলম্বনে ‘হায়দার’ ছবিটি নির্মিত হয়েছে। এখানে একজন কাশ্মিরী তরুণীর ভূমিকায় তাকে দেখা যাবে। জানা গেছে ‘হায়দার’ ছবিটি শ্রদ্ধাকে নতুনভাবে পরিচিত করবে, একজন সুঅভিনেত্রী হিসেবে তার পরিচয়ের বিস্তৃতি ঘটবে। ‘হায়দার’ ছবিতে শহিদ কাপুর ছাড়াও তার সঙ্গে আরও রয়েছেন টাবু, ইরফান খানের মতো ডাকসাইটে অভিনেতা-অভিনেত্রীরা। তাদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করতে গিয়ে শ্রদ্ধা নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করেছেন। ওদিকে নাচ নির্ভর ছবি এবি সেডি (এনি বডি ক্যান ড্যান্স)-এর সিক্যুয়ালে শ্রদ্ধা অভিনয় করতে যাচ্ছেন নতুন প্রজন্মের আলোচিত অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে। এখানেও তার অভিনীত চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। ‘আশিকী টু’ ছবিতে এক সঙ্গে অভিনয় করতে গিয়ে নায়ক আদিত্য রায় কাপুরের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছেন শ্রদ্ধা। তাদের দু’জনের ঘনিষ্ঠতার কথা সবাই জানেন। রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ, রণবীর সিং-দীপিকা পাড়ুকোণের মতো শ্রদ্ধা-আদিত্য জুটিও একসঙ্গে একান্ত কিছু সময় কাটাতে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছেন। ‘এক ভিলেন’ ছবির প্রচারণা শেষ করে তারা দু’জন কয়েকদিনের মধ্যে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ইতোমধ্যে। ওদিকে প্রেমিক আদিত্য রায় কাপুরের বাড়িতে তার ভাবী অভিনেত্রী বিদ্যা বালান দেবরের সঙ্গিনী হিসেবে শ্রদ্ধা কাপুরকে বেশ পছন্দ করেছেন বলে জানা গেছে। ভাবী বিদ্যা বালানের উত্সাহ পেয়ে আদিত্যও শ্রদ্ধাকে নিয়ে ভবিষ্যত্ জীবনের ছক কাটতে শুরু করে দিয়েছেন।
