আলোচনা, কবিতা আবৃত্তি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হলো কবি সুফিয়া কামালের ১০৩তম জন্মোত্সব। কুষ্টিয়া শহর ও কুমারখালিতে গত ২০ জুন বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজন করে এই মহতী উত্সব।
বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখা কার্যালয়ে বিকেলে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আসমা ফেরদৌস। বক্তব্য রাখেন শেফালী আক্তার, রোকেয়া বেগম, ফিরোজা মহি, তসলিমা খানম লতা, নিলুফা বেগম রীনা, সাঈদা হক, নাজমা আক্তার প্রমুখ।
বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালি সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুমারখালি পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় এতে সভাপতিত্ব করেন সহসভাপতি হোসনেয়ারা রুবি। বক্তব্য রাখেন আকরাম হোসেন, এটিএম আবুল মনসুর মজনু, কবি সৈয়দ আবদুস সাদিক, রওশন আরা নীলা, ইশরাত জাহান, শামিমা পারভিন রোজি প্রমুখ।
