বৃষ্টি আর বিশ্বকাপ নিয়ে আছি :আলী যাকের

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৪৩
বর্ষা মানেই মেঘলা আকাশ। চোখে-মনে প্রশান্তি এনে দেওয়া বৃষ্টি। ভেজার বাসনা; ভেজার আনন্দ। তাই বিশ্বকাপের এই উত্তেজনার ভিড়েও আলী যাকেরের মনের বিস্তীর্ণ একটা জায়গা দখল করে আছে বৃষ্টি। বাদলা দিনে জানালার ফাঁক দিয়ে বৃষ্টি না দেখলে মন ভরে না তার। সময় কাটছে বৃষ্টি আর বিশ্বকাপ নিয়ে। অফিস আর লেখালেখি তো আছেই। আলী যাকের বাল্যকাল থেকেই সাপোর্ট করেন ব্রাজিলকে। ব্রাজিলের খেলা দেখে মুগ্ধ হন, আনন্দ পান। এবার ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম আসর থেকেই ব্রাজিল শিরোপার অন্যতম দাবিদার। এবার তাদের দেশে খেলা। চেনা-জানা মাঠ, দর্শক, পরিবেশ। সবদিক বিচার করলে ব্রাজিলের আশপাশেও কেউ নেই। তবে এবার সব সমীকরণই নড়ে যাচ্ছে। নতুন কিছুদল তাক লাগিয়ে দিচ্ছে।’ ব্রাজিলের হেক্সা জয়ের দায়িত্ব কার কাঁধে? এমন প্রশ্ন করা হলে তিনি জানান, ‘ব্রাজিলের সবাই স্টার। নেইমারের নাম সবার মুখস্ত হয়ে গেলেও আমি এককভাবে কারো নাম বলছি না। সবার কাঁধেই সমান দায়িত্ব। একজন-দুজন স্টার দিয়ে শিরোপা জেতা যায় না।’ বইমেলার কথা মাথায় রেখে লেখাও শুরু করেছেন তিনি। সময় দিচ্ছেন কাগজ-কলম, বর্তমান আর অতীত স্মৃতিকে। বয়ে চলা লেখালেখির কথা জানতে চাইলে তিনি বলেন, ‘পত্রিকায় কলাম লিখছি নিয়মিত। অন্যদিকে বইমেলার জন্য লিখছি দুটো বই। একটি ভ্রমণকাহিনী। আরেকটি হলো গত বইমেলায় প্রকাশিত ‘সেই অরুণোদয় থেকে’ বইয়ের সিক্যুয়াল। প্রথম বইয়ে ঠাঁই পেয়েছিল আমার বাল্যকাল থেকে মুক্তিযুদ্ধ সময় পর্যন্ত ঘটে যাওয়া জীবনের কথা। সেখান থেকেই শুরু করেছি দ্বিতীয়টির লেখা।’