ইতালি ও আইভরি কোস্ট কোচের পদত্যাগ

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:৩৬
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর ইতালি ও আইভরি কোস্টের কোচ পদত্যাগ করেছেন। উরুগুয়ের কাছে নাটালে অনুষ্ঠিত খেলাটিতে ১-০ গোলে পরাজয়ের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন ইতালি কোচ সিজার প্রান্দেলি। খেলাটি শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি নিজের এ সিদ্ধান্তের কথা জানান। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর কোচ মার্সেলো লিপ্পি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন রোমা ও ফিওরেন্তিনার সাবেক কোচ প্রান্দেলি। এদিকে আইভরি কোস্টও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হওয়ায় দলটির ফরাসি কোচ সাবরি লামোউচি পদত্যাগ করেছেন। গ্রীসের কাছে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত খেলায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে আইভরি কোস্ট ২-১ গোলে হেরে বাদ পড়ে। সাবরির অবশ্য বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্তই দায়িত্ব পালনের কথা ছিল।