গোয়েন্দা পুলিশ পরিচয়ে চেকপোস্ট বসিয়ে হয়রানি

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:৩৯
হ্যান্ডকাপ ওয়াকিটকি ও অস্ত্রসহ গ্রেফতার পাঁচ ঢাকা টু মাওয়া। যাত্রাবাড়ি টু চিটাগাং রোডের নির্জন স্থানে গভীর রাতে ভুয়া চেকপোস্ট বসিয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল কেড়ে নেয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম মঙ্গলবার রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে ইলিয়াস মিয়া, মানিক শেখ, ইলিয়াস মোল্লা, ফরিদ মৃধা ও ফরহাদ হোসেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, অস্ত্র ও একটি প্রাইভেটকার। ডিবি জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাদের রিমান্ডে নিয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ঢাকা টু মাওয়া, যাত্রাবাড়ি টু চিটাগং রোডের নির্জন স্থানে চেকপোস্ট বসাতো। এরপর তারা সিএনজিসহ অন্যান্য ছোট যানবাহন থামিয়ে লোকজনকে আটক করে তাদের পকেটে হেরোইন বা গাঁজা পাওয়া গেছে এমন অভিযোগ তুলে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা লুট করতো। দীর্ঘদিন ধরে পুলিশ এ চক্রটিকে খুঁজছিল। এ চক্রের অন্যতম দলনেতা বেলায়েত পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। অভিযান পরিচালনাকারী ডিবির এসি মাহমুদ নাসের জনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। এদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের খিলগাঁও ফ্লাইওভারের ঢাল থেকে গ্রেফতার করা হয়। তাদের দেহ এবং গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় পুলিশের পোশাক, ১টি ওয়াকিটকি, পুলিশের কাজে ব্যবহূত হ্যান্ডকাফ, পুলিশের পোশাক, চাপাতি ও ছোরা এবং একটি প্রাইভেটকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, চেকপোস্ট বসানোর পাশাপাশি তারা অনেক সময় গুলিস্তান থেকে মাওয়া ঘাট এবং যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোডে প্রাইভেটকারে ডেকে ডেকে যাত্রী উঠাতো। এরপর সুবিধামত স্থানে নিয়ে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা ও মালামাল লুট করতো। পাশাপাশি তারা চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে সর্বস্ব লুট করতো। এরপর কৌশলে প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেত। পরবর্তীতে ঐ সিএনজি, প্রাইভেটকার ও মোটরসাইকেল তারা ছিনতাই কাজে ব্যবহার করতো। কাজ শেষ হবার পর তারা তা বিক্রি করতো চোরাই বাজারে। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।