অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতকে যথাযথ গুরুত্বের তাগিদ

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:১৮
অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের বীমা খাতকে যথাযথ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। গতকাল বৃহস্পতিবার ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্পের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। রাজধানীর নয়া পল্টনে বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিআইএ আয়োজিত এ সেমিনারে আইসিসি বাংলাদেশের সভাপতি ও ইষ্টল্যান্ড ইন্সুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, বীমা খাতে সরকারের কোন গুরুত্ব নেই। ১০ থেকে ১৫ বছর ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক দিয়ে চালানো হয়েছে। এরপর সরকার একটি নিয়ন্ত্রক সংস্থা চালু করলেও আইন-কানুন যথেষ্ট নেই। যা আছে সেগুলো প্রয়োগের জন্য প্রয়োজনীয় বিধি-বিধান নেই। এছাড়া প্রয়োজনীয় জনবলের অভাব রয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএতে। অনুষ্ঠানের সভাপতি ও বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন বলেন, বীমা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত খাত। কিন্তু যে দেশের বীমা খাত গুরুত্ব পেয়েছে, সেই দেশ উন্নত হয়েছে। তিনি অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তন করে ‘ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ’ করার দাবি জানান। তিনি বলেন, এ খাতে সরকারের নজর না থাকায় অনিয়মও বেশি হচ্ছে। বীমা খাতকে ঠিকমত এগিয়ে নেয়া গেলে সরকারের রাজস্ব আয় বাড়বে। বিআইএ সভাপতি আরো বলেন, আমি নিশ্চিত নই যে প্রধানমন্ত্রীর গণভবন বা রাষ্ট্রপতি ভবনের বীমা আছে কি না। এমনকি ইন্সুরেন্স এসোসিয়েশনের অফিস যে ভবনে তার বীমা আছে কি না তাও জানি না। কিন্তু এগুলো তা থাকা উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও আইডিআরএ’র সদস্য কুদ্দুস খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম। অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটে বীমার প্রিমিয়াম আয় ও কমিশন আয়ের ওপর ৫ শতাংশ হারে যে করারোপ করা হয়েছে তা প্রত্যাহারসহ এ খাতের উন্নয়নের জন্য সরকারের কাছে কয়েকটি দাবি জানান উদ্যোক্তারা। অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বীমা খাত জেনেবুঝে অবহেলিত তা আমি বলবো না। যদি অবহেলা কিছু হয়ে থাকে তা অনিচ্ছাকৃত। আমি চেষ্টা করবো আপনাদের সুপারিশগুলো বাস্তবায়নের। প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি আপনাদেরও এগিয়ে আসতে হবে। আইন-কানুন পরিপালন করতে হবে। এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আইডিআরএ করা হলেও তার কোন ক্ষমতা নেই। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা যেমন আইডিআরএ’র তেমন ক্ষমতা থাকা উচিত। আশা করছি সরকার এ বিষয়ে মনোযোগী হবে। এফবিসিসিআই সভাপতি কৃষি ও স্বাস্থ্য বীমা চালুর পাশাপাশি সব খাতে বীমা বাধ্যতামূলক করার প্রস্তাব করেন।