ইসলামী ব ই প রি চি তি

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:২৯
নাম :কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ :হাফেজ মুনির উদ্দিন আহমদ প্রকাশক :খাদিজা আখতার রেজায়ী প্রকাশনায় : আল কোরআন একাডেমী পাবলিকেশন্স, ওয়ারলেস রেল গেইট, বড় মগবাজার, ঢাকা। প্রকাশকাল : সপ্তম প্রকাশ মার্চ ২০১৪ হাদীয়া : অনির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা বলেছেন, অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্য কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার? বিশ্বব্যাপী লক্ষ লক্ষ পাঠকের মত আমার মনকেও এক সময় এই আয়াতটি দারুণভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে যখন দেখি আল্লাহতায়ালার নাজিল করা আলোর এই মহান উত্সটি অনুবাদকেরা সহজ করার পরিবর্তে দিন দিন কঠিন ও দুর্বোধ্য করে ফেলছে। যে আলো একজন পথিককে আঁধারে পথ দেখাবে, তা যদি নিজেই স্বচ্ছ না হয়, তাহলে আলো সামনে থাকা সত্ত্বেও পথিক তো আঁধারেই হোঁচট খেতে থাকবে অহর্নিশ। কুরআন লাওহে মাহফুজের অধিপতি আল্লাহতায়ালার কালাম, এর ভাষা শৈলী, এর শিল্প সৌন্দর্য সবই আল্লাহতায়ালার একান্ত নিজস্ব। এ কারণেই বিশ্বের সব কুরআন গবেষক মনে করেন, এই মহান গ্রন্থের ভাষান্তর কিংবা এর পূর্ণাঙ্গ অনুবাদ কোনোটাই মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। যার কাছে এই বিস্ময়কর গ্রন্থটি নাজিল করা হয়েছিল তাকে আল্লাহতায়ালা স্বয়ং এর অন্তর্নিহিত বক্তব্য বুঝিয়ে দিয়েছিলেন বলেই তার পক্ষে এই কেতাবের মর্মোদ্ধার করা সম্ভবপর হয়েছিল। এমন কি কুরআন যাদের প্রথম সম্বোধন করেছিল রসূল (স.) এর সেইসব সাহাবী ও কুরআনের কোন বক্তব্য অনুধাবনের ব্যাপারে মতামত দেয়ার আগে রসূল (স.) কে জিজ্ঞাসা করে নিতেন। যদিও তারা সেই ভাষায় কথা বলতেন, যে ভাষায় কুরআন নাজিল হয়েছিল। সম্ভবত এই কারণেই সাহাবায়ে কেরামদের ইন্তেকালের বহুকাল পরও ভিন্ন ভাষাভাষী কুরআনের আলেমরা কুরআনের অনুবাদ কাজে হাত দিতে সাহস করেননি। কিন্তু দিনে দিনে যখন কুরআনের আলো আরব উপদ্বীপ ছাড়িয়ে অনারব জনপদে ছড়িয়ে পড়লো, তখন কুরআনের প্রয়োজনে তথা ভিন্ন ভাষাভাষীদের সামনে কুরআনের বক্তব্য তুলে ধরার জন্যে স্থানীয় জনগোষ্ঠীর ভাষাকে মাধ্যম হিসাবে ব্যবহার করা ছাড়া অন্য কোন উপায় থাকলো না। এমনি করেই অসংখ্য আদম সন্তানের অগণিত ভাষায় কুরআন অনুবাদের যে ধারা শুরু হলো, আমাদের মায়ের ভাষা বাংলায়ও একদিন এর প্রভাব পড়লো। একে একে বহু বাংলা অনুবাদ তৈরিও হলো। কিন্তু অনুবাদকের ভাষা জ্ঞানের কারণে অনেক অনুবাদ দুর্বোধ্যই থেকে গেল। সবশেষে যখন আল কুরআন একাডেমীর প্রকাশিত হাফেজ মুনির উদ্দীন সাহেবের অনুবাদকৃত “কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ” মহামূল্যবান গ্রন্থখানি হাতে পেলাম আমার মনে হলো বাংলাভাষায় এবার সকল শ্রেণির পাঠকের বোধগম্য একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। যা কুরআন বোঝার ব্যাপারে সকলকে অনুপ্রাণীত করবে নিঃসন্দেহে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা কুরআন অবতীর্ণ করেছেন বোঝার জন্য। অনুধাবন করার জন্য। আমল করে প্রভু পরোয়ারদেগারের রিজামন্দি হাসিল করার জন্য। কেবলমাত্র সুর করে পড়ার জন্য নয়, চুমা খাওয়ার জন্য নয়, তাবিজে লিখে ঘুরে বেড়ানোর জন্য নয়। সবচেয়ে বড় কথা হলো দুনিয়া ও আখেরাতের জীবন যদি সুন্দর করতে হয় তাহলে জীবনকে কুরআনের রঙে রঙিন করে তুলতে হবে। আর তা এই গ্রন্থটি পাঠ ও আমলের মাধ্যমে সম্ভব। আমরা গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি। —জাকির হোসাইন আজাদী