শুধু অভিনয়ের জন্য কাজটি করছি না :জলি

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩১
‘উজান গাঙের নাইয়া’ নাটকটিতে সাঈদা চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, মানুষের সাধারণত প্রথাগত শিক্ষার মাধ্যমে শেখা কঠিন।। মানুষ শেখে বিনোদনের মাধ্যমে। এ নাটকটিতে স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো বিনোদনের মাধ্যমে এবং শৈল্পিকভাবে বোঝানো হয়েছে যেটা থিয়েটারেও হয়। তাই দর্শকদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এ নাটকের বক্তব্য। এ কারণে আমার কাছে মনে হচ্ছে আমি শুধু অভিনয় করছি না। একটি সামাজিক দায়িত্ব পালন করছি।’ ওয়াহিদা মল্লিক জলি জানান, ‘উজান গাঙের নাইয়া’য় তিনি তার স্বাভাবিক চরিত্রের বাইরে এবং তিনি নিজে যেমন তার বিপরীত একটি চরিত্রে অভিনয় করেছেন। আর এ ধরনের চরিত্রে অভিনয় করতেই পছন্দ করেন তিনি। তিনি বলেন, ‘এই নাটকে আমি একেবারেই যেমনটি নই, তেমন একটি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি একজন অশিক্ষিত মায়ের, যিনি কোনো নতুন চিন্তা বা সচেতনতাকে স্বাগত জানাতে পারেন না। তার অশিক্ষার কারণেই কিন্তু সবগুলো ঘটনা ঘটে।’ জলি বলেন, ‘পরিবর্তন সবসময়ই ইতিবাচক। নতুন সবসময়ই উত্তরণের পথে চলে। এখনকার নাটক টেকনিক্যালি, স্ক্রিপ্টিং এবং ডিরেকশন সব দিক দিয়েই উন্নত হয়েছে। এর ফলে কাজ করাটাও অনেক সহজ হয়েছে এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশের নাটকও এখন খুব ভালো অবস্থানে আছে।’ বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ‘উজান গাঙের নাইয়া’ নাটকটি পরিচালনা করেছেন, গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে।