শাক-ট্রিক!

আপডেট : ২৬ জুন ২০১৪, ২১:১১
ঠিক মেসির মত একটা শট। ১-০ গোলে এগিয়ে গেল সুইজারল্যান্ড! — এমন সব টুইটে ভরে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। সব কিছুর মূলে ছিলেন একজন। তিনি হলেন জাঁদরেন শাকিরি। সত্যিই, সুইসদের জন্য মেসির মতই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার। গত বুধবার মানাউসের অ্যারেনা অ্যামাজোনিয়ায় শুরু থেকেই আক্রমণে নামে সুইসরা। ফল পেতেও দেরি হয়নি দলটির। ষষ্ঠ মিনিটে শাকিরির প্রথম গোল এগিয়ে দেয় সুইজারল্যান্ডকে। স্টেফান লিচস্টেইনারের বাড়ানো বল পেয়ে কিছুটা কোণাকুণি দৌড়ে ডি বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। পেছনে একজন এবং সামনে প্রতিপক্ষের আরো দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে অতর্কিত শট নিয়েছিলেন। এক অর্থে এই গোল দিয়ে নতুন এক ইতিহাস গড়লো সুইজারল্যান্ড। ১৯৯৪ সালের পর এটাই যে ইউরোপিয়ান দলটির প্রথম বিশ্বকাপ গোল। দারুণ সূচনার পর ধারাবাহিক আক্রমণ করে যাওয়া সুইজারল্যান্ডের ব্যবধান দ্বিগুণ হয় ৩১তম মিনিটে। এবারও নায়ক সেই শাকিরি। জোসিপ ডারমিচের পাস পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে খুব সহজেই পরাস্ত করে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন শাকিরি। ৭১তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি নকআউট পর্বও নিশ্চিত করেন শাকিরি। সাহায্যের ভূমিকায় আবারো ওই ফরোয়ার্ড ডারমিচ। ড্রিবল করে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পরাস্ত করে শাচিরির দিকে বল বাড়ান দারমিচ। বল জালে পাঠাতে কোনো ভুল করেননি শাকিরি। এখানেও আরেকটি নতুন ইতিহাস। চলমান বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক করার সাথে সাথে শাকিরি হয়ে গেলেন বিশ্বকাপের ইতিহাসেরই ৫০ তম হ্যাটট্রিক করা খেলোয়াড়। আর সুইজারল্যান্ডের ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে তিনি দ্বিতীয় হ্যাটট্রিক করা খেলোয়াড়। ১৯৫৪ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন জোসেফ হুগি। ম্যাচ শেষে শাকিরি অবশ্য গোলের সব কৃতিত্বই দিলেন সতীর্থদের, ‘আমরা সবাই মিলে ভাল ফুটবল খেলতে চেয়েছিলাম। আর দলের বাকিরা না থাকলে তিনটা গোল করা আমার পক্ষে সম্ভব হতো না। হ্যাটট্রিক নিয়ে অবশ্যই আমি গর্বিত। একই সাথে, আরও গর্বের ব্যাপার হলো যে আমরা শেষ ষোলতে জায়গা করে নিয়েছি। দল নিয়েও তাই আমি উচ্ছ্বসিত।’ আগামী মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইসদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে শাকিরি নিজেদের প্রস্তুত বলেই ঘোষণা করে দিলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা আমাদের জন্য স্বপ্নের মত একটা ব্যাপার। আশা করি অসাধারণ একটা ম্যাচ আসতে যাচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করতে আমরা প্রস্তুত। যদিও ম্যাচটাতে আমরা আন্ডারডগ। কিন্তু ফুটবলে কি হবে সেটা আগে থেকে কেউ অনুমান করতে পারে না।’