সমর্থকদের কাছে হাসেবের ক্ষমা প্রার্থনা

আপডেট : ২৬ জুন ২০১৪, ২১:১১
তুলনামূলক বিচারে সহজ গ্রুপে থেকেও নক আউট রাউন্ডের আগে বিদায় নিতে হওয়ায় সমর্থকদের কাছে নিজেদের পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন জাপানের অধিনায়ক মাকোতো হাসেবে। এদিকে, গ্রুপ পর্বের তিন খেলায় মাত্র একটি ড্র ও দুইটি হারের ফলাফল হিসাবে দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আলবার্তো জাকেরোনি। আইভরি কোস্টের বিরুদ্ধে ২-১ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা জাপানের বিদায়ের দায়ভার অনেকটা নিজের কাঁধে তুলে নিচ্ছেন হাসেবে। ৩০ বছর বয়সী এই রক্ষণাত্মক মিডফিল্ডার ফিফা ডটকমকে বলেন, ‘ফুটবল খেলাটাই এমন যে, এখানে সবকিছুর উপরে ফলাফলকেই গুরুত্ব দেয়া হয়। চারটি বছর দারুণ পরিশ্রম করা সত্ত্বেও আমরা শেষ পর্যন্ত ইতিবাচক কোন ফল দেখাতে ব্যর্থ হয়েছি। অধিনায়ক হিসাবে এই ব্যর্থতার দায়ভার অবশ্যই আমার কাঁধে বর্তায়।’ এদিকে অধিনায়কের মতোই নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ দলের সবচেয়ে বড় তারকা কিউসিকে হোন্ডাও। যদিও টুর্নামেন্ট শুরুর আগে এই এসি মিলান তারকা বলেছিলেন, বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে জাপানের। শেষ পর্যন্ত ‘সি’ গ্রুপে সবার নিচে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো। ব্যথিত হোন্ডা বলেন, ‘দারুণ হতাশার ব্যাপার এটা। কিন্তু এটাই বাস্তবতা। আমি বলেছিলাম, আমাদের বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে। কিন্তু সেটার জন্য যা করা প্রয়োজন ছিল সেটা করা গেলো না। নিজেদের সামর্থ্যের পুরোটা মাঠে অনুবাদ করতে আমাদের হয়তো আরো সময় প্রয়োজন।’ দলকে প্রথম রাউন্ডের বৈতরণী পার করাতে না পেরে এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দেয়া জাকেরোনিও নিঃশর্ত ক্ষমা চাইলেন জাপানবাসীর কাছে, ‘খুবই হতাশার এটা। আমরা কলম্বিয়ার বিরুদ্ধে ভালো খেলেছি কিন্তু ফলাফলটা আরো ভাল হতে পারতো। আমরা প্রথমে গোল দেয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তারা দারুণ পাল্টা আক্রমণে গোল তুলে নেয়। আমাদের বেশকিছু ভালো প্রচেষ্টা ছিল কিন্তু সেগুলোর সফল পরিসমাপ্তি রচনা করা সম্ভব হয়নি। আমরা যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট। কিন্তু আমাদের প্রতিপক্ষ খুব কঠিন ছিল।’ প্রথম ম্যাচে ঐ হারের পর, দ্বিতীয় ম্যাচে দশজনের গ্রীসের সাথে ড্র করে জাপান। এরপর সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের হার। ফলে, নিশ্চিত হয়ে যায় নিজেদের পঞ্চম বিশ্বকাপ অভিযাত্রায় তৃতীয়বারের মতো গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হচ্ছে তাদের।