আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোজো বলেছেন, ফিফা বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় পর্ব দ্বিতীয় রাউন্ডের খেলা। দ্বিতীয় রাউন্ডে সম্পূর্ণ নতুন এক প্রতিযোগিতা শুরু হবে। গ্রুপপর্বের ফলাফল নিয়ে এখন আর চিন্তা না করার সময় নেই। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার প্রতি মনোযোগ দিতে চাই আমরা।
দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নক আউট পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘ই’ গ্রুপের রানার্স আপ সুইজারল্যান্ডকে।
ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রেতে গত বুধবার রাতে নাইজেরিয়ার বিপক্ষে জয়সূচক গোল করেন রোজো। এটি রোজোর প্রথম আন্তর্জাতিক গোল। আর্জেন্টিনা খেলাটিতে ৩-২ গোলে জয়ী হয়। নিজের ওই গোল সম্পর্কে উচ্ছ্বসিত স্পোর্টিং লিসবনের ডিফেন্ডার রোজো বলেন, আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করতে পেরে আমি খুব খুশি। এই গোলের সুবাদেই নাইজেরিয়াকে হারিয়ে আমরা পূর্ণ পয়েন্ট লাভ করেছি।
অধিনায়ক লিওনেল মেসি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ২৪ বছর বয়সী এ খেলোয়াড় বলেন, রক্ষণভাগ থেকে মেসির জাদুকরী খেলা দারুণ উপভোগ করি। শেষ ষোলয় খেলা সম্পর্কে রোজো ফিফা ডটকমকে বলেন, ‘নক আউট পর্বে দ্বিতীয় কোন সুযোগ থাকবে না। ভালো করতে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো আর খারাপ করলে দেশে ফিরে যেতে হবে। দ্বিতীয় কোন সুযোগ পাবো না। প্রথম রাউন্ডে যে কোন দল কোন একটি ম্যাচ হেরেও কিংবা ড্র করে পরের ধাপে যাওয়ার সুযোগ পেতে পারে কিন্তু নক আউট পর্বে এধরনের কোন সুযোগ না থাকায় এই রাউন্ড নিয়ে আমরা অনেক বেশি সতর্ক।’
কোচ আলেজান্দ্রো সাবেলার শিষ্যরা বসনিয়া হার্জেগোভিনাকে ২-১, ইরানকে ১-০ এবং নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল হিসাবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। -সকারওয়ে
